Krishna Mukerji Death: বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। তিনি মঙ্গলবার বিকেলে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকস্তব্ধ মুখার্জি পরিবার।

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। তিনি মঙ্গলবার বিকেলে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুখোপাধ্য়ায় পরিবার একটি বিবৃতিতে জানিয়েছে, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রানি মুখোপাধ্য়ায়ের মা কৃষ্ণা মুখোপাধ্য়ায় (৭৫) আজ বিকেলে মারা গেছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই শোকের মুহূর্তে পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীত অনুরোধ করছি।" পরিবার এখনও তাঁর মৃত্যুর কারণ জানায়নি।

কৃষ্ণা মুখোপাধ্য়ায় ফিল্মালয় স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা এবং চলচ্চিত্র নির্মাতা রাম মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন। রাম মুখোপাধ্যায় ২০১৭ সালে মারা যান। তাঁদের দুই সন্তান— রানি মুখোপাধ্যায় এবং প্রযোজক রাজা মুখোপাধ্যায়। কৃষ্ণা মুখোপাধ্যায় বাংলা সিনেমা জগতেও প্লেব্যাক গায়িকা হিসেবে যুক্ত ছিলেন। তিনি ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'তিসরি আঁখ' সিনেমায় 'ইদ কে দিন গলে মিল লে রাজা' গানটি গেয়েছিলেন।

কৃষ্ণা মুখোপাধ্যায়ের আরও একটি পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় বাংলা অভিনেত্রী দেবশ্রী রায়ের মেজদিদি। বলিউড অভিনেত্রী কাজল ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাকিমা। জনসাধারণের কাছে তিনি অবশ্য রানি মুখোপাধ্যায়ের মা হিসেবেই অধিক পরিচিত ছিলেন। কৃষ্ণার মৃত্যের খবর প্রকাশ করেছে তাঁর জামাই আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফ থেকে। কৃষ্ণা মুখোপাধ্যায়কে রানির সঙ্গে বলিউডের একাধিক অনুষ্ঠানে দেখা যেত। ৬০এর দশকে কৃষ্ণা কলকাতায় জনপ্রিয় ফাংশান আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন।