Rahul Arunodoy Banerjee: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর প্রায় আড়াই মাস পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

টানা আড়াই মাস পেরিয়ে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। তালসারির সেই অভিশপ্ত দিনে ঠিক কী ঘটেছিল? কার গাফিলতিতে জলে ডুবে প্রাণ হারাতে হলো এক তরুণ অভিনেতাকে? প্রযোজনা সংস্থাই বা কেন মুখে কুলুপ এঁটেছে? এই সব অনুত্তরিত প্রশ্নের জট খুলতে এবার বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্তভার রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রথম থেকেই এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। শুটিং সেটের বাকি সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজের কোনো মিল পাওয়া যায়নি। এই অসঙ্গতিই সন্দেহের তির আরও জোরালো করে তোলে। রাহুলকে নিয়ে টলিউডে এক মাসব্যাপী প্রতিবাদের ঝড় উঠলেও, সময়ের নিয়মে তা আস্তে আস্তে থিতিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি এই মামলায় হস্তক্ষেপ করে দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)। সেখান থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

গত রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যেহেতু ওড়িশায় বাংলার এক অভিনেতার মৃত্যু হয়েছে এবং পরিবারও লিখিত অভিযোগ জানিয়েছে, তাই ওড়িশা পুলিশ সিট (SIT) গঠন করলেও পশ্চিমবঙ্গ সরকার বসে থাকবে না। তিনি পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিষয়টি মুখ্যসচিবের মাধ্যমে দ্রুত সিআইডির হাতে হস্তান্তর করার জন্য।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে 'অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'। শুটিং সেটে তারকা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে তারা। সংগঠনের দাবি, ন্যূনতম সুরক্ষাবিধি মানা হয়নি বলেই রাহুলের মতো একজন শিল্পীকে অকালে চলে যেতে হলো। ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা ও এফআইআর করার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে ওই প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা এবং মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সোচ্চার হয়েছে এই সংগঠন।

ভবিষ্যতে আর কোনও মায়ের কোল যাতে এভাবে খালি না হয়, তার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় এখন দিন গুনছে রাহুলের পরিবার ও বিনোদন জগৎ। সিআইডি তদন্তে নামলে শেষ পর্যন্ত কোন সত্য সামনে আসে, এখন সেটাই দেখার।