Fawad-Mahira Series: আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানের জনপ্রিয় লেখিকা ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও হানিয়া আমির, সানাম সঈদ, আহাদ রাজা মীরের মতো প্রথম সারির পাকিস্তানি অভিনেতারা রয়েছেন।
Fawad-Mahira Series: ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ (Jo Bachay Hain Sang Samait Lo)-কে ঘিরে তীব্র বিতর্কের আবহে স্ট্রিমিং প্ল্যাটফর্মকে কড়া বার্তা কেন্দ্র সরকারের। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting) নেটফ্লিক্সকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারতে যেন কোনও ভাবেই পাকিস্তানি উৎসজাত কোনও সিনেমা বা ওয়েব সিরিজ স্ট্রিম করা না হয়। অর্থাৎ পাকিস্তানের তৈরি কোনও বিনোদনমূলক জিনিস বা অন্যকিছু ভারতে সম্প্রচারিত হবে না।
কেন এই সিদ্ধান্ত?
ভারতীয় চলচ্চিত্র সংগঠনগুলোর তরফে একাধিক অভিযোগ জমা পড়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিষয়টিতে হস্তক্ষেপ করে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকা (advisory) মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলা এবং পরবর্তীকালে 'অপারেশন সিঁদুর'-এর সময়কালীন পরিস্থিতির প্রেক্ষিতে ওই নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি (OTT) প্ল্যাটফর্মকে পাকিস্তানি ওয়েব সিরিজ, সিনেমা, গান ও পডকাস্টের স্ট্রিমিং বন্ধ রাখতে বলা হয়েছিল।
আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানের জনপ্রিয় লেখিকা ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও হানিয়া আমির, সানাম সঈদ, আহাদ রাজা মীরের মতো প্রথম সারির পাকিস্তানি অভিনেতারা রয়েছেন। মঙ্গলবার করাচিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটির ট্রেলার প্রকাশ্যে আসার পরই ভারতে এর মুক্তি নিয়ে আপত্তি উঠতে শুরু করে।
ট্রেলার মুক্তির পরপরই ভারতের দুটি প্রধান চলচ্চিত্র কর্মী সংগঠন— অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এই সিরিজের তীব্র বিরোধিতা করে।
প্রসঙ্গত, গত বছরের জুনে নেটফ্লিক্স কর্তৃপক্ষ কেন্দ্রকে জানিয়েছিল যে, তারা ভারতীয় গ্রাহকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনও সিনেমা বা সিরিজ উপলব্ধ রাখেনি। কেন্দ্রের তরফে নেটফ্লিক্সকে সেই পুরনো প্রতিশ্রুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কী প্রতিক্রিয়া দিলো পাকিস্তান সরকার?
ভারতে এই সিরিজ নিষিদ্ধ করার দাবির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। নিজের এক্স-এ (X) তিনি ভারতকে শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। তবে কেন্দ্রের কড়া বার্তার পর আগামী ৪ ডিসেম্বর সিরিজটি বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারতের দর্শকরা তা দেখতে পাবেন না বলেই মনে করা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















