শাহরুখ খান তাঁর অ্যাকশন ছবি 'কিং'-এর মাধ্যমে বড়পর্দায় ফিরছেন, যেখানে তাঁর মেয়ে সুহানা খানেরও অভিষেক হচ্ছে।

২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন তিনি। তারপর প্রায় তিন বছরের দীর্ঘ বিরতি। তবে আগামী ডিসেম্বরে আবারও স্বমহিমায় বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবির নাম ‘কিং’। অ্যাকশনে ভরপুর এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে চড়ছে উত্তেজনার পারদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে এই ছবি শাহরুখের জন্য শুধু কামব্যাক নয়, বরং অত্যন্ত আবেগঘন একটি জার্নি। কারণ, ‘কিং’ ছবির মাধ্যমেই বড়পর্দায় রূপোলি সফরে পা রাখতে চলেছেন বাদশার আদুরে কন্যা সুহানা খান।

গৌরী খান প্রযোজিত এবং ‘কহানি’ খ্যাত সুজয় ঘোষ সহ চার জনের চিত্রনাট্যে তৈরি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ে প্রথম ও দ্বিতীয় দফার শুটিং শেষ করে কলকাতা ফিরেছেন তিনি। আর ফিরেই এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন ‘বাদশা’র সেটে তাঁর দুর্দান্ত অভিজ্ঞতার কথা।

শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খরাজের কাছে এককথায় ‘অসাধারণ’। কিং খানের কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ এই বাঙালি অভিনেতা। তিনি বলেন: "দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনও বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন।"

শুটিংয়ের সময়সূচী নিয়েও বেশ খুশি খরাজ। তিনি জানান, দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত শুটিং চলত, যা কাজের জন্য বেশ সুবিধাজনক ছিল।

শুটিংয়ের শেষ দিনে চরিত্রের ‘লুক’ বজায় রাখার কড়া নিয়ম থাকার কারণে ছবি তুলতে পারেননি খরাজ। তবে শাহরুখের কাছ থেকে একটি অটোগ্রাফ চেয়ে নেন তিনি। আর সেখানেই ধরা পড়ে শাহরুখের আসল বিনয়ী রূপ।

খরাজ যখন মজা করে বলেন যে—শাহরুখের সঙ্গে কাজ করার পর তিনি অনেকের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারেন, তখন হেসেই খুন বলিউড বাদশা। বিনয়ের সঙ্গে তিনি বলেন, "না না একেবারেই নয়।" সুজয় ঘোষের সুপারিশে এই ছবিতে সুযোগ পাওয়া খরাজকে শাহরুখ এও জানান যে, তিনি খরাজের অভিনয়ের প্রশংসার কথা আগেই শুনেছেন।