অভিনেত্রী কিয়ারা আডবাণী তাঁর মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন এবং সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

গত বছরের ১৫ জুলাই অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র-র জীবনে আসে এক নতুন অধ্যায়। তাঁদের কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান সরায়াহ। দেখতে দেখতে প্রায় ১০ মাস কেটে গিয়েছে। প্রথম মাতৃত্বের অভিজ্ঞতা, নতুন দায়িত্ব এবং সেই সঙ্গে নতুন ছবির মুক্তির অপেক্ষা— সব মিলিয়ে এখন এক অন্য জীবন কাটছে অভিনেত্রীর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন এবং সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বললেন কিয়ারা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এমনকি কথার মাঝেই চোখের জলও ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

কিয়ারার বক্তব্য, মা হওয়ার পরে নারীদের মানসিক পরিবর্তন নিয়ে সমাজে এখনও পর্যাপ্ত আলোচনা হয় না। তাঁর মতে, এই বিষয়টি নিয়ে আরও খোলাখুলি কথা বলা প্রয়োজন। অভিনেত্রী বলেন, মাতৃত্ব একজন নারীর পরিচয় এবং মানসিক জগতকে সম্পূর্ণ বদলে দেয়।

কিয়ারা জানান, “মাতৃত্ব মানে একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ করা। সেই সময় নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজের জন্য সময় বের করাটাও খুব জরুরি। আমার প্রায় ছ’মাস সময় লেগেছে এটা বুঝতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।”

অভিনেত্রী আরও জানান, এর আগে তিনি সব সময় অন্যদের কথা ভেবেছেন। কিন্তু মা হওয়ার পরে প্রথমবার নিজের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তাঁর কথায়, “আমার ৩৪ বছরের জীবনে এখন এসে শিখছি, কী ভাবে কোনও সম্পর্কে সীমারেখা টানতে হয়। নিজের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া ঠিক নয়, সেটাও এখন বুঝতে পারছি।”

নিজের মানসিক পরিবর্তনের প্রসঙ্গে কিয়ারা জানান, “আমরা অনেক সময় নিজেদের প্রতিটি কাজ নিয়েই অযথা সমালোচনা করি। তবে গত কয়েক মাসে তিনি ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছেন। সেই শিক্ষা তাঁকে নিজেকেই দিতে হয়েছে।”

উল্লেখ্য, মা হওয়ার পরে কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস। এই ছবিতে তাঁকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশ-এর বিপরীতে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং নয়নতারা।