জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-তে সঞ্চালক বদলের জল্পনা চলছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে টলিউড সুপারস্টার দেবকে। 

‘দাদাগিরি’কে ঘিরে নতুন চমকের জল্পনা তুঙ্গে। এতদিন যাঁর উপস্থিতিতে এই জনপ্রিয় গেম শো জমে উঠত, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জায়গায় এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে টলিউডের সুপারস্টার দেব-কে—এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, ‘দাদাগিরি’র মঞ্চে নাকি ব্যাট হাতে উঠতে পারেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তবে সর্বশেষ খবর অনুযায়ী, দর্শকদের আকর্ষণ ধরে রাখতে নির্মাতারা নাকি দেবের ওপরই আস্থা রাখতে চাইছেন।

বহু বছর ধরে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদাগিরি’ বাঙালির ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা এই শোকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তবে এবার সেই পরিচিত ছবিতে বদল আসতে চলেছে বলেই জল্পনা। কারণ, শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এবার বাংলার ‘বিগ বস’-এর সঞ্চালনায় ব্যস্ত থাকতে পারেন। ফলে ‘দাদাগিরি’র দায়িত্ব নতুন মুখের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এ ছাড়াও জানা গিয়েছে, খুব শিগগিরই নতুন সিজনের প্রোমোর শ্যুটিং শুরু হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।