ফের বহুতলে আগুন! আরবানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে টলিপাড়ার তারকারা

কলকাতায় ফের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার রুবি সংলগ্ন অভিজাত আবাসন আরবানা-র চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আচমকা আগুন লাগে। ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। টাওয়ারটিতে বসবাস করেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ, তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পায়েল সরকার এবং লহমা ভট্টাচার্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কেউ আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। একটি ফ্ল্যাটের রান্নাঘরের বাইরে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি নজরে আসে। দ্রুত আবাসিকেরা নীচে নেমে আসেন। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা টাওয়ার চত্বর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পায়েল সরকার জানিয়েছেন, হঠাৎ ঘন ধোঁয়া দেখে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন তাঁরা। সঙ্গে সঙ্গে নীচে নেমে আসেন। স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। লহমা ভট্টাচার্য থাকেন ওই টাওয়ারের ৩০ তলায় বাবা-মাকে নিয়ে। তিনি জানিয়েছেন, করিডরে ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ৩০ তলা থেকে নীচে নামতে সময় লাগায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। প্রাথমিক অনুমান, পাঁচতলার একটি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। 

তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বর্তমানে আবাসনের বাসিন্দারা নিরাপদে রয়েছেন। উল্লেখ্য, কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরপর বহুতলে আগুন লাগার ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।