Mithun Chakraborty: এবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন মহাগুরু।

বয়স ৭৫ পেরিয়েছে। তবুও কাজের ব্যস্ততায় এখনও সমানভাবে সক্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। এবার বাংলা ছবিতে এক নতুন জুটি নিয়ে হাজির হতে চলেছেন তিনি। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আগামী ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই জানিয়েছেন শিবপ্রসাদ। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে।

মিঠুন চক্রবর্তীকে ঘিরে দর্শকদের আবেগ আজও অটুট। ‘মৃগয়া’ থেকে ‘ডিস্কো ডান্সার’—দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক জনপ্রিয় চরিত্রে নজর কেড়েছেন তিনি। বাংলা ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেতা। এবার সেই মহাগুরুকেই নিজেদের ছবিতে নিয়ে আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে এই ছবি শুধুমাত্র নতুন একটি প্রজেক্ট নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নপূরণ। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ভাগ করে নিয়ে পরিচালক জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন।

শিবপ্রসাদ লিখেছেন, অবশেষে তিনি এবং নন্দিতা রায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁর কাছে মিঠুন শুধু একজন অভিনেতা নন, বরং ‘রামকৃষ্ণ’, ‘মৃগয়া’ এবং ‘ডিস্কো ডান্সার’-এর মতো একাধিক স্মরণীয় অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। ছবির প্রস্তাব নিয়ে মিঠুনের সঙ্গে যোগাযোগের ঘটনাটিও বেশ মজার। পরিচালক জানিয়েছেন, মিঠুন যখন আমেরিকায় ছিলেন, তখন তিনি ফোনে নিজের পরিচয় দিয়ে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন।

সেই ভয়েস নোট শুনে মিঠুন তাঁকে পাল্টা ফোন করেন। আর ফোনের ওপার থেকে মিঠুনের কথাই যেন সমস্ত আনুষ্ঠানিকতা ভেঙে দেয়। শিবপ্রসাদের বক্তব্য অনুযায়ী, অভিনেতা তাঁকে বলেন, “শিবু, নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!” মিঠুনের এই স্বতঃস্ফূর্ত উত্তরই পরিচালকের কাছে হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত। এত বছরের স্বপ্ন যেন কয়েকটি শব্দেই বাস্তবের রূপ নেয়।

ছবির গল্প শুনেই মিঠুন চক্রবর্তী কাজ করতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন শিবপ্রসাদ। তবে ছবির গল্প বা মিঠুনের চরিত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে নতুন এই ছবিতে মিঠুনকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

একদিকে মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতা, অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের মতো সফল পরিচালক জুটি—এই তিন নাম একসঙ্গে আসায় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে গিয়েছে। ছবিটির নাম এখনও প্রকাশ্যে আসেনি। একইসঙ্গে মুক্তির নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। তবে শিবপ্রসাদ জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবি দর্শকদের সামনে আসবে। ফলে এখন অপেক্ষা শুধু ছবির নাম, গল্প এবং মিঠুন চক্রবর্তীর চরিত্র সম্পর্কে আরও তথ্য প্রকাশের। তবে শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে মিঠুনের প্রথম উপস্থিতির খবরেই যে টলিপাড়ায় কৌতূহল তৈরি হয়েছে, তা বলাই যায়।