Ramayana: নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ১০ কোটি টাকার গণ্ডি পার করেছে। প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের এই ছবির হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি। মোট অগ্রিম বিক্রি (গ্রস) দাঁড়িয়েছে ১০.১৫ কোটি টাকা।

Ramayana: রণবীর কাপুর-নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড' মুক্তির আগেই বক্স অফিসে বাজিমাত করতে শুরু করেছে। প্রাক-দীপাবলি মুক্তির মুখে দাঁড়িয়ে দেশজুড়ে ছবিটির অগ্রিম বুকিং ১০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে। ছবিটির হিন্দি সংস্করণের টিকিট বিক্রি সবচেয়ে বেশি হলেও কন্নড় ও তেলুগু সংস্করণ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ট্রেড ওয়েবসাইট 'স্যাকনিল্ক'-এর তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বিকেল ৩টে পর্যন্ত ভারতে সমস্ত ভাষা মিলিয়ে ছবিটির মোট অগ্রিম বিক্রি (গ্রস) দাঁড়িয়েছে ১০.১৫ কোটি টাকা।

অগ্রিম টিকিট বিক্রি কত হল

প্রদর্শকদের ব্লক করা আসন বাদ দিলে নিশ্চিত টিকিটের আসল বিক্রি পৌছেছে ৭.৯৮ কোটি টাকায়। ১৩৪টি শহরের ৪,৩৫২টি ট্র্যাক করা শোয়ের জন্য প্রায় ১.৮১ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে বিকেল ৩টের মধ্যেই যুক্ত হয়েছে ৩৫.৯০ লাখ টাকার বিক্রি। পাশাপাশি, ট্র্যাক করা শোয়ের তালিকায় এই প্রথম কোনও শো সম্পূর্ণ 'হাউসফুল' হওয়ার খবরও এসেছে।

মাল্টিপ্লেক্সগুলিতে আগ্রহ বাড়ছে

এর আগে ২৩ অক্টোবর বেলা ১১টা ৪২ মিনিটের আপডেটে দেখা গিয়েছিল, ছবিটির ৩,৯৬৪টি শোয়ের জন্য ১.৪৭ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছিল। সে সময় ব্লক করা আসনসহ অগ্রিম গ্রস আয় ছিল ৮.২৭ কোটি টাকা। অর্থাৎ প্রথম ২৪ ঘণ্টার (৫.৪৪ কোটি টাকা) তুলনায় ওই সময় মোট আয় বেড়েছিল ৫২ শতাংশ। বিশেষ বিষয় হলো, ব্লক করা আসন ছাড়া টিকিট ক্রয়ের হার বেড়েছে প্রায় ৯৩ শতাংশ। সেই সঙ্গে ট্র্যাক করা শোয়ের সংখ্যা ৩,৫৩৩ থেকে ১২ শতাংশ বেড়ে দাঁড়ায় এবং শো প্রতি গড় টিকিট বিক্রি ২৬ থেকে বেড়ে ৩৭-এ পৌঁছায়।

বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা

প্রসঙ্গত, ছবিটির দুটি পার্ট মিলিয়ে বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা। শুধু প্রথম পর্বের (Part 1) বাজেট আনুমানিক ২,০০০ কোটি টাকার কাছাকাছি বলে বিভিন্ন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষণে উঠে এসেছে।ছবিটির অন্যতম অভিনেতা ও সহ-প্রযোজক যশ (যিনি রাবণ চরিত্রে অভিনয় করছেন) স্পষ্ট করেছেন যে, এই বিশাল অংকের মধ্যে হলিউডের মতো আন্তর্জাতিক মানের ভিএফএক্স, নির্মাণ খরচ এবং গ্লোবাল মার্কেটিং বা প্রচারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

রাজ্যভিত্তিক আয়ে মহারাষ্ট্র শীর্ষে

রাজ্যভিত্তিক বিক্রির ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। সেখান থেকে এসেছে ২.৩১ কোটি টাকা, যা মোট অগ্রিম বিক্রির প্রায় ২৩ শতাংশ। এর পরেই ২.১৩ কোটি টাকা আয় নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি এবং ১.৪৫ কোটি টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। ভারতের প্রথম ১০টি রাজ্য মিলেই মোট অগ্রিম আয়ের ৮৭ শতাংশ দখল করেছে।

শহরগুলির মধ্যে ২৭ হাজার ১৭৭টি টিকিট বিক্রি করে ২.১৩ কোটি টাকা আয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)। মুম্বই থেকে এসেছে ১.৬০ কোটি টাকা (২২,৮৬৪টি টিকিট)। তবে সবচেয়ে বড় লাফ দেখা গেছে বেঙ্গালুরুতে, যেখানে আগের দিনের তুলনায় ১৭৩ শতাংশ বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১.২০ কোটি টাকা (১৮,১৪৭টি টিকিট)। এছাড়া হায়দরাবাদ থেকে ৬২.০৯ লাখ টাকা এবং পুণে থেকে ৪৫.৭২ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

চাহিদার কেন্দ্রে হিন্দি সংস্করণ

মোট অগ্রিম বিক্রির ৮৮ শতাংশ অর্থাৎ ৮.৯১ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। দক্ষিণী ভাষাগুলির মধ্যে সবচেয়ে বেশি অবদান কন্নড় সংস্করণের,৯৬.৫৭ লাখ টাকা (১০ শতাংশ)। বাকি ৩ শতাংশ অর্থাৎ ২৮.১১ লাখ টাকা এসেছে তেলুগু সংস্করণ থেকে। পিভিআর-আইনক্স (PVR INOX) এবং সিনেমা পলিস মিলিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫০,০০০-এর বেশি টিকিট বিক্রি হয়ে যায়। মূলত আইম্যাক্স (IMAX) ও ফোরডিএক্স (4DX)-এর মতো প্রিমিয়াম ফর্ম্যাটের প্রতি দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ডিস্ট্রিবিউটর এবং প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টন সংক্রান্ত সমস্যা মেটার পর এখন প্রদর্শকরা চূড়ান্ত প্রদর্শনী তালিকা তৈরি করছেন। ফলে শেষ সপ্তাহে আরও অনেক বেশি শো যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

শেষ সপ্তাহে বড় চমকের অপেক্ষা

ছবি বাণিজ্যের বিশেষজ্ঞদের মতে, আসল টিকিটের জোয়ার আসবে মুক্তির আগের শেষ সপ্তাহে, অর্থাৎ ২৯ অক্টোবরের পর থেকে। প্রাক-দীপাবলি সময়ে ভারতের প্রথম সারির জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলিতে মুক্তির প্রথম দিনে ৩.৫ লাখ টিকিট বিক্রিকে একটি শক্তিশালী সূচনা হিসেবে ধরা হয়, যেখানে লক্ষ্য থাকে ৫ লাখ টিকিটের। ট্রেড মহলে আলোচনা চলছে যে, ছবিটি প্রথম দিনেই ভারতের বাজারে নেট (Nett) ৭০ কোটি টাকার ব্যবসা ছুঁতে পারে, যা একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য। তবে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সাধারণ দিনে মুক্তির ফলে দীপাবলি উৎসবের মূল ছুটির দিনগুলি (৯ নভেম্বর থেকে) শুরু হওয়ার আগেই ছবিটি প্রায় ৬০ কোটি টাকার ওপেনিং পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৪ নভেম্বর ছবিটির জন্য পেইড প্রিভিউ রাখা হয়েছে।

দুই পর্বের মহাকাব্যিক অভিযোজনের প্রথম ধাপ

বাল্মীকি রচিত রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি (DNEG) এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। দুই পর্বের এই ছবির প্রথম পর্বটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। আর এর দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।