রণবীর সিং কেরিয়ারের শুরুতে তাঁকেও কাস্টিং কাউচের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে এক কাস্টিং এজেন্ট তাঁকে অশালীন প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন।

আজ তিনি বলিউডের প্রথম সারির নায়ক। কিন্তু রণবীর সিং-এর এই পর্যন্ত পৌঁছনোর রাস্তাটা মোটেও সহজ ছিল না। 'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে পা রাখার পর ২০১২ সালের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নেন রণবীর। আজ 'দুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির মতো ব্লকবাস্টার ছবির দৌলতে তিনি কোটি কোটি টাকার মালিক। তবে এই সাফল্যের পিছনে রয়েছে অনেক স্ট্রাগল। সম্প্রতি 'দুরন্ধর ২' নিয়ে চর্চা শুরু হতেই রণবীরের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর সঙ্গে ঘটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেরিয়ারের শুরুর দিকে তাঁকেও কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল বলে জানান রণবীর। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খোলেন। রণবীর বলেন, এক কাস্টিং এজেন্টের নজরে আসার জন্য তিনি দারুণ একটি পোর্টফোলিও বানিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই এজেন্ট সেদিকে ফিরেও তাকাননি। তাঁর মতলব ছিল অন্য।

রণবীরের কথায়, "লোকটা আমার পোর্টফোলিওটা পাশে সরিয়ে রেখে বলে, 'তোমাকে স্মার্ট হতে হবে, সেক্সি হতে হবে। স্মার্ট আর সেক্সি হলে যে কেউ এগিয়ে যেতে পারে। আমি তোমাকে অনেক উপরে নিয়ে যেতে পারি। তখন আমি যা চাইব, তুমি সব দেবে। তুমি নিজেই বলবে, আমাকে ছোঁও।' ওর কথা বলার সাহস দেখে আমি চমকে গিয়েছিলাম। এরপর ও বলে, 'ঠিক আছে, আমরা কিছু করব না, শুধু একবার তোমায় ছুঁতে দাও'"।

রণবীর আরও জানান, কথা কাটাকাটির সময় ওই এজেন্ট তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি সাফ 'না' বলে দেওয়ায় লোকটি সেখান থেকে চলে যায়। পরে রণবীর জানতে পারেন, ওই এজেন্ট আরও অনেকের সঙ্গেই এই ধরনের আচরণ করেছেন।