Director Sanjay Gupta Dies: বলিউডে ফের শোকের ছায়া। আচমকাই প্রয়াত হলেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্ত। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ বলিপাড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০-এর কোঠায়।
Director Sanjay Gupta Dies: বলিউডে ফের শোকের ছায়া। আচমকাই প্রয়াত হলেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্ত। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ বলিপাড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০-এর কোঠায়। প্রাথমিক সূত্রে খবর, নিজের বাড়িতেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই জনপ্রিয় পরিচালকের। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাতে নিজের ঘরের বাথরুমে আচমকা পড়ে যান তিনি। সেই সময় বিষয়টি কেউ টের পাননি। সারা রাত ওই অবস্থাতেই বাথরুমে পড়েছিলেন তিনি।
কীভাবে প্রয়াত হলেন
পরদিন সকালে পরিবারের লোক তাঁকে উদ্ধার করেন। পড়ে যাওয়ার ফলে তাঁর মাথায় ভীষণ গুরুতর চোট লেগেছিল বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক বিবরণ ও অন্যান্য সরকারি তথ্য জানতে এখনও অপেক্ষা করা হচ্ছে।
কীভাবে বলিউডে অভিযান শুরু সঞ্জয় গুপ্তর
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে পরিচালক হিসেবে বলিউডে পা রেখেছিলেন সঞ্জয় গুপ্ত। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। ক্রাইম ড্রামা এবং স্টাইলিশ অ্যাকশন থ্রিলার তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার ছিল। বিশেষ করে মুম্বইয়ের অপরাধ জগতের নানা গল্পকে তিনি রুপোলি পর্দায় খুব বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতেন।
'আতঙ্ক: ফিল দ্য ফায়ার' ছবি দিয়ে শুরু
১৯৯৪ সালে 'আতঙ্ক: ফিল দ্য ফায়ার' ছবি দিয়ে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ। এর পর ২০০২ সালে মুক্তি পায় তাঁর জীবনের অন্যতম ব্যবসাসফল ছবি 'কাঁটে'। এ ছাড়াও 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা', 'শুটআউট অ্যাট ওয়াদলা'-র মতো বহু প্রশংসিত থ্রিলার তিনি উপহার দিয়েছেন হিন্দি ছবির দর্শককে।
সঞ্জয় দত্তর ঘনিষ্ঠ বন্ধু
বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল দেখার মতো। দুজনে একসঙ্গে বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। 'কাঁটে', 'মুসাফির', 'জিন্দা'-র মতো একাধিক হিট ছবি উঠে এসেছে এই জুটির হাত ধরে। সঞ্জয় দত্ত ছাড়াও অভিনেতা জন আব্রাহামের সঙ্গেও তাঁর কাজের রসায়ন ছিল জমজমাট। নিজের ছবি তৈরির স্বাধীনতাই শুধু বজায় রাখেননি, গড়ে তুলেছিলেন নিজের প্রযোজনা সংস্থা 'হোয়াইট ফেদার ফিল্মস'। তাঁর ছবির সংলাপ, গ্রিটি টেক্সচার আর দুর্ধর্ষ টেকনিক্যাল কাজ সবসময়ই বলিউডের অন্য সব ছবির চেয়ে আলাদা ছাপ ফেলত।
বলিউডে শোকের ছায়া
তাঁকে হারিয়ে ভেঙে পড়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীরা। খবরটি সুনিশ্চিত হতেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করতে শুরু করেছেন তারকারা। প্রবীণ থেকে নবীন, সবাই প্রখ্যাত এই পরিচালকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছন। সঞ্জয় গুপ্তর এই অকালপ্রয়াণ নিঃসন্দেহে বলিউড ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি।






