প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর মতো সংগঠিত অপরাধচক্রের যোগসাজশের ইঙ্গিত মিলেছে….

বলিউড পরিচালক Rohit Shetty-র মুম্বইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। এই মামলায় ১৪তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। শনিবার (২১ মার্চ ২০২৬) উত্তরপ্রদেশ থেকে ওই অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত এখনও চলছে। নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে রোহিত শেট্টি( Rohit Shetty)-র মুম্বইয়ের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, এই ঘটনায় পরিচালক বা তাঁর পরিবারের কেউ আহত হননি। তবে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

ঘটনার পরই মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে অভিযান চালানো হয়। উত্তরপ্রদেশ ও হরিয়ানার সঙ্গে যৌথভাবে তদন্ত এগোয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাটি পরিকল্পিত ছিল এবং শহরে আতঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য হতে পারে।তদন্তকারীদের ধারণা, এই হামলার সঙ্গে সংগঠিত অপরাধচক্রের যোগ থাকতে পারে। আগের তদন্তে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যোগ থাকার ইঙ্গিতও মিলেছে বলে জানা গেছে।

এই গ্যাং অতীতেও একাধিক হাই-প্রোফাইল হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। পুলিশ এই ঘটনায় কঠোর আইন প্রয়োগ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে MCOCA (Maharashtra Control of Organised Crime Act)-এর অধীনেও মামলা দায়ের করা হয়েছে, যা এই ঘটনার গুরুত্ব এবং সংগঠিত অপরাধের সম্ভাবনাকে নির্দেশ করে।

১৪তম অভিযুক্ত গ্রেফতারের পর তদন্ত আরও গতি পেয়েছে। এই হামলার মূল পরিকল্পনাকারী কে। আর কেউ জড়িত আছে কি না বা এর পিছনে বড় কোনও অপরাধচক্র রয়েছে কি না পুলিশ এখন খতিয়ে দেখছে।