'বিগ বস ২০'-এর মঞ্চে সলমান খানের একটি মজার মন্তব্য ঘিরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর দ্বিতীয়বার বাবা-মা হওয়ার জল্পনা শুরু হয়েছে।
বলিউডের অন্যতম জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীকে নিয়ে ফের শুরু হয়েছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের সূত্রপাত খোদ সলমান খানের একটি মন্তব্যকে ঘিরে। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’এ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কথোপকথনের সময় সলমান মজার ছলে এমন একটি কথা বলেন, যা থেকেই অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন তাহলে কি খুব শীঘ্রই দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা?
অনুষ্ঠানে সিদ্ধার্থ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানান, বাবা হওয়ার অনুভূতি তাঁর কাছে অসাধারণ। তাঁদের মেয়ে সারায়াহ ইতিমধ্যেই প্রায় ১৫ মাসের। ছোট্ট মেয়ে এখন নতুন নতুন শব্দ শিখছে, আর মেয়েকে নিয়ে তাঁদের সময় বেশ ভালোই কাটছে বলে জানান অভিনেতা।
সিদ্ধার্থের সঙ্গে কথা বলার সময় সলমান তাঁদের প্রেম ও বিয়ের প্রসঙ্গও তোলেন। তিনি মজা করে বলেন, সিদ্ধার্থকে তিনি একসময় বারবার বিয়ে করার কথা বলতেন। সিদ্ধার্থও জানান, তাঁদের সম্পর্ক দীর্ঘদিন গোপন রাখার সিদ্ধান্তই ছিল। সঠিক সময় এলেই সেই ‘রাজ’ প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।
এরপরই সলমানের মন্তব্য ঘিরে শুরু হয় আসল চর্চা। সিদ্ধার্থ যখন তাঁদের মেয়ের কথা বলছিলেন, তখন সলমান মজার ছলে বলেন,আশা করি খুব তাড়াতাড়িই আরও একটি সন্তান আসবে। সলমানের এই কথাতেই হাসিতে ফেটে পড়েন সিদ্ধার্থ।
সলমানের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই ধরে নিয়েছেন, হয়তো সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে ফের সুখবর আসতে চলেছে। তবে বিষয়টি আপাতত শুধুই জল্পনা। সিদ্ধার্থ মালহোত্রা বা কিয়ারা আডবাণী কেউই দ্বিতীয় সন্তান আসার কোনও খবর প্রকাশ্যে জানাননি। এমনকী সালমানের কথাটিও অনুষ্ঠানের মজার কথোপকথনের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।
উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমেরে বিয়ে করেন। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। এরপর থেকেই মেয়েকে নিয়ে বেশ কিছুটা ব্যক্তিগত পরিসরেই সময় কাটাচ্ছেন দু’জনে।
তাই আপাতত সলমান খানের মন্তব্য থেকে দ্বিতীয় সন্তানের খবর নিশ্চিত করার কোনও সুযোগ নেই। সত্যিই কি ফের ‘গুড নিউজ’ দিতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা, নাকি পুরোটাই সালমানের মজার ছলে বলা কথা তার উত্তর মিলবে কেবল তারকা দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এলেই।
