Suriya Jyothika Wedding: দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে অনুরাগের দুটি দশক। সেই বিশেষ মুহূর্তকেই এক অনন্য মাত্রা দিলেন দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি সুরিয়া ও জ্যোতিকা। বিবাহবার্ষিকীর বিশ বছর পূর্তিতে আবারও একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।

Suriya Jyothika Wedding: দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে অনুরাগের দুটি দশক। সেই বিশেষ মুহূর্তকেই এক অনন্য মাত্রা দিলেন দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি সুরিয়া ও জ্যোতিকা। বিবাহবার্ষিকীর বিশ বছর পূর্তিতে আবারও একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। তবে কোনো জমকালো আয়োজন নয়, অত্যন্ত ঘনিষ্ঠ পরিমণ্ডলে খ্রিস্টীয় প্রথা মেনে নিজেদের প্রেমের প্রতিজ্ঞা নতুন করে সাজালেন এই তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে সেই বিশেষ আয়োজনের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন জ্যোতিকা নিজেই।

'দ্য সিক্যুয়েল'

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'দ্য সিক্যুয়েল' আমাদের ২০ বছরের ভালোবাসা ও খুনসুটির উদযাপনে প্রতিজ্ঞা নবীকরণ।'' একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি কোনো 'নিখুঁত' দাম্পত্যের উদযাপন নয়। বরং বিগত দুই দশকের ভুলত্রুটি, বোঝাপড়া, একে অপরের জন্য করা ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক সুন্দর দলিল। বিশেষ অনুষ্ঠানের জন্য দু'জনেই বেছে নিয়েছিলেন ধবধবে সাদা পোশাক। সুদৃশ্য ব্রাইডাল গাউনে নজর কেড়েছেন জ্যোতিকা, অন্যদিকে সুরিয়াকে দেখা গিয়েছে সাদা রঙের সুট-টাক্সিডোতে। ইনস্টাগ্রামের বার্তায় স্বামীর প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জ্যোতিকা লেখেন, সুরিয়া কেবল তাঁর স্বামী বা সন্তানদের বাবা নন, বরং তিনি তাঁর সেরা বন্ধু এবং সমান অংশীদার। জীবনসঙ্গীর থেকে পাওয়া সম্মান ও সুরক্ষার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামী ২০ বছরও একইভাবে একে অপরের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

প্রথম কোথায় দেখা হয়েছিল সুরিয়া ও জ্যোতিকার

প্রসঙ্গত, ১৯৯৯ সালে 'পুভেল্লাম কেট্টুপার' ছবির সেটে প্রথম দেখা হয়েছিল সুরিয়া ও জ্যোতিকার। এর পর একসঙ্গে একাধিক সফল চলচ্চিত্রে কাজ করার পর ২০০৬ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বর্তমানে দুই সন্তান দিয়া ও দেবকে নিয়ে তাঁদের সংসার। সম্প্রতি সন্তানদের লেখাপড়ার সুবিধার জন্য চেন্নাই ছেড়ে মুম্বাইতে নতুন ঠিকানা গড়েছেন এই দম্পতি। অভিনয় জীবনের পাশাপাশি নিজেদের প্রযোজনা সংস্থা '২ডি এন্টারটেইনমেন্ট'-এর কাজও যৌথভাবে সামলান তাঁরা। চলতি বছর সুরিয়াকে প্রেক্ষাগৃহে শেষ দেখা গিয়েছে পারিবারিক ড্রামা 'বিশ্বনাথ অ্যান্ড সন্স'-এ।