অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ২০২১ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই পোস্টে সমর্থন জানানোর অভিযোগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে 

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-এর পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পোস্টে সমর্থন জানানোর অভিযোগে এবার জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শনিবার কলকাতার গড়িয়াহাট থানা-য় হাজিরা দেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরমব্রত চট্টোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টের মন্তব্য বিভাগে স্বস্তিকা লেখেন, “হা-হা-হা, হোক হোক হোক।” সম্প্রতি সেই পোস্ট ঘিরেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ওই মন্তব্য ভোট-পরবর্তী হিংসায় উস্কানি জুগিয়েছিল।

পুলিশ সূত্রে খবর, পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি, ২০২১ সালের ২ মে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জয়ের পর ওই পোস্ট করা হয় এবং তার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন ও নারী নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের পোস্ট সেই হিংসাকে আরও উসকে দিয়েছিল।

শনিবার থানায় গিয়ে নিজের বক্তব্যও জানান স্বস্তিকা মুখোপাধ্যায়। তদন্তকারীরা তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি ওই পোস্টকে সমর্থন করেছিলেন এবং সে সময় রাজ্যের অশান্তি সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না। অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায়কেও নোটিস পাঠিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। সূত্রের খবর, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “২০২১ সালের নির্বাচনের পর বহু মানুষ হিরো হয়ে গিয়েছিলেন। যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন, তখন কেউ সমবেদনা জানাননি, বরং উস্কানি দিয়েছেন। আইন নিজের পথে চলবে।”

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের আগে শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বলেছিলেন, “শিল্পীদের বলছি, আপনারা নাচুন, গান। আপনাদের যাত্রা শুরুই হয় রগড়ানি দিয়ে।” সেই মন্তব্য নিয়েই পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন পরমব্রত।

পাঁচ বছর পর রাজনৈতিক পালাবদলের আবহে সেই পুরনো পোস্টই এখন আইনি বিতর্কের কেন্দ্রে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।