ভোটের উত্তপ্ত আবহের মাঝে বিনোদনের জন্য ওটিটি এখন প্রধান ভরসা। এই সপ্তাহে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও জি ফাইভে মুক্তি পাচ্ছে একাধিক নতুন সিনেমা ও সিরিজ……

ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক আবহ এখন বেশ উত্তপ্ত। মানুষের নজর যেমন রাজনৈতিক সমীকরণের দিকে, তেমনই অনেকেই এই সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। ফলে বিনোদনের জন্য এখন বড় ভরসা হয়ে উঠেছে ওটিটি মঞ্চ। এই সপ্তাহে বিভিন্ন ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে একাধিক নতুন ধারাবাহিক ও সিনেমা। অ্যাকশন, রহস্য, অপরাধ, প্রেম থেকে সংগীতনির্ভর গল্প— দর্শকদের জন্য রয়েছে ভরপুর চমক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১) সিটাডেল (দ্বিতীয় পর্ব)

এই সপ্তাহের সবচেয়ে আলোচিত মুক্তিগুলির মধ্যে অন্যতম ‘সিটাডেল’-এর দ্বিতীয় পর্ব। গুপ্তচরবৃত্তি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ়ে ফের দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। তিনি অভিনয় করেছেন নাদিয়া সিন্‌হার চরিত্রে। পাশাপাশি ম্যাসন কেন চরিত্রে রয়েছেন রিচার্ড ম্যাডেন।

নতুন পর্বে দেখা যাবে, ভয়ঙ্কর এক বিপদের মুখে পড়ে ধ্বংস হয়ে যাওয়া গুপ্তচর সংস্থাকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। অ্যাকশন, রহস্য ও আবেগ— সব মিলিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ৬ মে থেকে এটি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে।

২) ধুমকেতু

বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক ‘ধুমকেতু’। বহু প্রতীক্ষিত এই ছবিতে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর আগে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির শুটিং সম্পূর্ণ হয়েছিল। কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি আটকে ছিল।

অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ছবিটি বড়পর্দায় মুক্তি পায় এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবার সেই ছবিই আসছে ওটিটি মাধ্যমে। ৮ মে থেকে ছবিটি জ়ি ফাইভে দেখা যাবে।

৩) দ্য চেস্টনাট ম্যান: হাইড অ্যান্ড সিক (দ্বিতীয় পর্ব)

অপরাধ ও রহস্যভিত্তিক গল্পের দর্শকদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় ধারাবাহিক। ড্যানিশ এই জনপ্রিয় সিরিজ়ে আবারও দেখা যাবে দুই গোয়েন্দা নাইয়া থুলিন ও মার্ক হেসকে। নতুন পর্বে তাঁরা জড়িয়ে পড়বেন এক ভয়ঙ্কর খুনের তদন্তে, যার সূত্র লুকিয়ে রয়েছে বহু পুরনো এক অমীমাংসিত মামলায়।

ধারাবাহিকটির ঝলক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। রহস্য, তদন্ত ও মানসিক টানাপোড়েন— সব মিলিয়ে এটি হতে চলেছে এই সপ্তাহের অন্যতম আকর্ষণ। ৭ মে থেকে এটি নেটফ্লিক্সে দেখা যাবে।

৪) ডকাইত

অ্যাকশন ও প্রতিশোধের গল্প পছন্দ হলে ‘ডকাইত’ হতে পারে এই সপ্তাহের পছন্দের তালিকায়। এই অপরাধভিত্তিক নাটকীয় ছবিতে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, আদিভি শেষ এবং অনুরাগ কাশ্যপ।

গল্পে দেখা যায়, এক ব্যক্তি জেল থেকে বেরিয়ে অতীতের প্রতিশোধ নিতে ফিরে আসে। তারপর একের পর এক চমক ও অন্ধকার রহস্য সামনে আসতে থাকে। ৮ মে থেকে ছবিটি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে।

৫) লুক্‌খে

পঞ্জাবের র‍্যাপ সংস্কৃতি ও অপরাধ জগতকে ঘিরে তৈরি হয়েছে ‘লুক্‌খে’। এটি একটি সংগীতনির্ভর অপরাধমূলক নাটকীয় ধারাবাহিক। জনপ্রিয় র‍্যাপার ও গায়ক কিং এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করছেন।

তাঁর সঙ্গে রয়েছেন রাশি খন্না ও পলক তিওয়ারি। সংগীত, অপরাধ ও যুবসমাজের নানা বাস্তবতা নিয়ে তৈরি এই ধারাবাহিকও ৮ মে মুক্তি পাচ্ছে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয়।

ভোটের উত্তেজনার মাঝেও বিনোদনের রঙে দর্শকদের মন ভরাতে এই সপ্তাহে ওটিটি মাধ্যমে থাকছে নানা স্বাদের আয়োজন। রহস্য, অ্যাকশন, আবেগ কিংবা সংগীত— সব ধরনের দর্শকের জন্যই রয়েছে বিশেষ চমক।