জেলের ভিতরেই বন্দির নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন! ঝাড়খণ্ডের রাঁচির বীরসা মুন্ডা সেন্ট্রাল জেলে এক ২০ বছরের যুবককে বারবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল সহবন্দিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, যুবককে জোর করে নেশার দ্রব্য খাওয়ানো এবং অভিযোগ জানাতে গেলে তাঁর লিখিত অভিযোগ ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে জেল প্রশাসনের বিরুদ্ধে।
জেলের ভিতরেই বন্দির নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন! ঝাড়খণ্ডের রাঁচির বীরসা মুন্ডা সেন্ট্রাল জেলে এক ২০ বছরের যুবককে বারবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল সহবন্দিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, যুবককে জোর করে নেশার দ্রব্য খাওয়ানো এবং অভিযোগ জানাতে গেলে তাঁর লিখিত অভিযোগ ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে জেল প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনায় জেল সুপারিনটেনডেন্ট-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলের ভিতরে কী ঘটেছিল?
অভিযোগকারীর বাবার বয়ান অনুযায়ী, তাঁর ২০ বছরের ছেলে একটি মামলায় বিচারাধীন বন্দি হিসেবে রাঁচির বীরসা মুন্ডা সেন্ট্রাল জেলে ছিলেন। সেই সময় জেলের কয়েকজন বন্দি তাঁর ছেলের উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। অভিযোগ, প্রথমে ওই যুবককে জোর করে শাড়ি পরানো হয় এবং মহিলার মতো সাজানো হয়। এরপর তাঁকে নেশাজাতীয় পানীয় খাওয়ানো হয়। তিনি অসুস্থ ও প্রায় অচেতন হয়ে পড়লে অন্য ওয়ার্ডে নিয়ে গিয়ে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।স শুধু একবার নয়, জেলের ভিতরে তিন দফায় একই ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি করেছেন যুবকের বাবা।
অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা?
যুবকের বাবার অভিযোগ, জেলের ভিতরে তাঁর ছেলে নিজের উপর হওয়া অত্যাচারের কথা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে লিখিত অভিযোগটি ছিঁড়ে ফেলা হয় বলে দাবি। এমনকী, নির্যাতনের কারণে শারীরিক সমস্যার সৃষ্টি হলেও তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেল প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
১২ জুন জেল থেকে মুক্তি পান যুবক
জানা গিয়েছে, ১২ জুন আদালত ওই যুবককে সংশ্লিষ্ট মামলার সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করে। এরপর জেল থেকে মুক্তি পান তিনি। কিন্তু বাড়ি ফেরার পর তাঁর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি পরিবারের। পরে পরিবারের কাছে জেলের ভিতরে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলেন ওই যুবক। এরপরই আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন তাঁর বাবা।
জেল সুপার-সহ ১৯ জনের বিরুদ্ধে FIR
যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাঁচির খেলগাঁও থানায় FIR দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন জেল সুপারিনটেনডেন্ট, জেলের কর্মী এবং একাধিক বন্দি। রাঁচির সদর ডিএসপি সঞ্জীব বেসরা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। জেলের ভিতরে ঠিক কী ঘটেছিল, কারা এই ঘটনায় জড়িত এবং অভিযোগ চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে বন্দিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জেল প্রশাসনের, সেখানে কীভাবে এমন গুরুতর অভিযোগ উঠল? তদন্তের পরেই স্পষ্ট হবে ঘটনার পিছনে প্রকৃত সত্য কী।












