Bihar: বিহারে বিষাক্ত মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া! ভয়ঙ্কর কিছু উপসর্গ নিয়ে সঙ্কটজনক ১

বিহারের মাধেপুরায় সরকারি স্কুলের মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল প্রায় ৭০ জন পড়ুয়া। দ্রুত উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জন পড়ুয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের একটি সরকারি স্কুলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েক জন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। কারও বমি শুরু হয়, আবার কারও তীব্র পেটব্যথা দেখা দেয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ধীরে ধীরে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা একই উপসর্গে আক্রান্ত হতে থাকে। হঠাৎ করে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় অভিভাবকদের। তাঁরা দ্রুত স্কুলে পৌঁছে পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় পড়ুয়াদের অ্যাম্বুল্যান্স ও অন্যান্য গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়। অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে গিয়েছিল। সেই বিষক্রিয়ার ফলেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। 

জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই স্কুলে মিড ডে মিল সরবরাহ করত। একসঙ্গে এত জন পড়ুয়া আক্রান্ত হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য দফতরকে অবিলম্বে বিষয়টি জানানো হয়। ঘটনার খবর পেয়ে জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, সকল পড়ুয়ার চিকিৎসা চলছে। খাবার সরবরাহকারী সংস্থাকে শোকজ করা হয়েছে এবং মিড ডে মিলের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। রিপোর্টে গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।