Uttar Pradesh Acid Attack: উত্তরপ্রদেশ সরকার মহিলাদের নিরাপত্তার উপর জোর দেওয়ার কথা বলছে। কিন্তু এরই মধ্যে লখনউয়ে (Lucknow) এক মারাত্মক ঘটনা ঘটে গেল। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মহিলার বাড়িতে ঢুকে অ্যাসিড হামলার অভিযোগ উঠল। ওই মহিলার বাবা-মাকে ছুরিকাঘাতের অভিযোগও উঠেছে।

Uttar Pradesh Horror: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীর বাড়িতে ঢুকে তাঁর মুখে অ্যাসিড ছোড়ার (Acid Attack) অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, মেয়েকে বাঁচাতে এগিয়ে আসায় ছুরি দিয়ে তরুণীর বাবা-মায়ের উপরেও হামলা চালায় অভিযুক্ত। উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow) এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার ভোরে লখনউয়ের উদয়গঞ্জ অঞ্চলের হুসেনগঞ্জ থানা অঞ্চলের মধ্যে ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম তৌসিফ ওরফে মুন্না। ভারতীয় ন্যায় সংহিতার ১২৪(১) (Bharatiya Nyaya Sanhita) ধারায় (অ্যাসিড হামলার মাধ্যমে আঘাত) এবং ১০৯(১) ধারায় (খুনের চেষ্টা) তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বাড়িতে ঢুকে অ্যাসিড হামলা

অভিযোগ অনুযায়ী, রবিবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে পুরনো আইস ফ্যাক্টরি অঞ্চলের বাসিন্দা শাহনওয়াজের বাড়িতে জোর করে ঢুকে পড়ে তৌসিফ। এরপর শাহনওয়াজের যুবতী মেয়ে সানিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সানিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। এতে ওই যুবতীর মুখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধের ক্ষত তৈরি হয়। এরপর সানিয়ার বাবা শাহনওয়াজ ও মা আসমা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তৌসিফ। অভিযোগ, দু'জনকেই খুনের উদ্দেশ্যে আঘাত করে সে। এই হামলায় গুরুতর জখম হন সানিয়ার বাবা-মাও। এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন শাহনওয়াজের ভাই মহম্মদ লাইক। তাঁর দাবি, অভিযুক্ত তৌসিফ তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। একই অঞ্চলে বসবাস করত সে। বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল অভিযুক্ত। শেষপর্যন্ত সানিয়া রাজি না হওয়ায় জোর করে বাড়িতে ঢুকে এই হামলা চালায়।

হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবতী

আহত সানিয়া এবং তাঁর বাবা-মাকে দ্রুত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। লখনউ পুলিশের সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার অর্পিত বিজয়বর্গীয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত তরুণীর দূরসম্পর্কের আত্মীয়। আহত চারজনই কেজিএমইউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।