রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি ডিলিমিটেশন বিল পাশ করাতে চাইছে বলে অভিযোগ করেছেন NCP-SP বিধায়ক রোহিত পাওয়ার। এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সুপ্রিয়া সুলেকে চিঠি দিয়েছেন তিনি।

প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সুপ্রিয়া সুলেকে চিঠি দিলেন NCP-SC বিধায়ক রোহিত পাওয়ার। রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি এই বিলটি পাশ করাতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। সুপ্রিয়া সুলেকে লেখা একটি চিঠিতে রোহিত পাওয়ার জানিয়েছেন, দলের নেতা শরদ পাওয়ার বর্তমানে অসুস্থ। এই অবস্থায় কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই তিনি। তাই গভীর উদ্বেগ ও যন্ত্রণা নিয়েই তিনি এই চিঠি লিখছেন।

সাংসদের চিঠি ডিলিমিটেসন বিল নিয়ে

রোহিত পাওয়ার লিখেছেন, "আমাদের নেতা শ্রদ্ধেয় শরদচন্দ্র পাওয়ার সাহেব শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তাঁর শারীরিক অবস্থা আমাদের সকলের জন্যই চিন্তার কারণ। তবে আমরা বিশ্বাস করি যে, তিনি খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।" তিনি আরও বলেন, ডিলিমিটেশন বিলকে সমর্থন করার বিষয়ে আলোচনা হওয়ায় মহারাষ্ট্রের প্রগতিশীল মতাদর্শে বিশ্বাসী মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে। রোহিত পাওয়ারের অভিযোগ, ২০০১ সালের জনগণনার ভিত্তিতে তৈরি এই বিলটি তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব সুনিশ্চিত করবে না। এর ফলে, আরও ২৫ বছর ধরে এই সম্প্রদায়গুলিকে এর ফল ভোগ করতে হতে পারে। তিনি লেখেন, "২০০১ সালে অনুষ্ঠিত ২৫ বছরের পুরনো জনগণনার ভিত্তিতে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিরা তাদের জনসংখ্যার অনুপাতে আসন পাবে না এবং আগামী ২৫ বছর ধরে তাদের এই অবিচার সহ্য করতে হবে।"

রোহিত পাওয়ারের যুক্তি

রোহিত যুক্তি দেখিয়েছেন, বর্তমান জনগণনা থেকেই জনসংখ্যার আপডেটেড পরিসংখ্যান পাওয়া যাবে। সেই ভিত্তিতে ২০২৯ সালে সাংবিধানিক নিয়ম মেনে ডিলিমিটেশন করা যেতে পারে। বিজেপি রাজনৈতিক লাভের জন্যই তড়িঘড়ি এই বিল পাশ করাতে চাইছে বলে তিনি অভিযোগ করেছেন। ডিলিমিটেশন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন পাওয়ার। তিনি বলেন, বিজেপির অতীত কার্যকলাপ দেখে মনে হয় না যে এই প্রক্রিয়া নিরপেক্ষ হবে।

আসামে ডিলিমিটেশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বিজেপির মূল চরিত্র অনুযায়ী, কেউই বিশ্বাস করতে পারে না যে আসনগুলির ডিলিমিটেশন স্বচ্ছভাবে করা হবে।"

ডিলিমিটেশন কমিটির সঙ্গে মহিলা বিল নিয়ে প্রশ্ন রোহিতের

প্রস্তাবিত ডিলিমিটেশন কমিটির গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন রোহিত। বিরোধী দলনেতাকে কি চেয়ারপার্সনের পদ দেওয়া হবে? সরকারের উত্তর থেকেই তাদের আসল উদ্দেশ্য বোঝা যাবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, মহিলাদের সংরক্ষণ এবং ডিলিমিটেশন আলাদা বিষয়। ২০২৩ সালে সংসদ মহিলাদের সংরক্ষণ বিল পাশ করেছে এবং তাঁর দলও এটিকে সমর্থন করেছিল। "মহিলাদের সংরক্ষণ বিলটি ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল এবং আমাদের দলও এটিকে সমর্থন করেছিল। অতএব, এটি এই মুহূর্তেও কার্যকর করা যেতে পারে। কেন এটি করা হচ্ছে না?" তিনি প্রশ্ন করেন।

সুপ্রিয়া সুলেকে দলের কর্মীদের কথা ভাবার আর্জি রোহিতের

দলীয় কর্মী, পদাধিকারী, ভোটার এবং সাধারণ নাগরিকদের উদ্বেগের কথা বিবেচনা করার জন্য সুলের কাছে আবেদন জানিয়েছেন পাওয়ার। তিনি বলেন, শাসক দলের সঙ্গে হাত মেলাতে চাওয়া নেতাদের চাপে দলের আদর্শগত অবস্থানের সঙ্গে আপস করা উচিত নয়। তিনি লেখেন, "যারা শাসক দলের সঙ্গে যেতে চায় তারা তা করতে পারে। তাদের আসল রূপ বেরিয়ে আসুক। কিন্তু কেন আমরা এই অন্যায় কাজে অংশীদার হব?" তিনি দলীয় সাংসদ ও বিধায়কদের ক্ষমতার জন্য সংবিধানের সঙ্গে আপস না করার আহ্বান জানিয়েছেন।

শরদ পাওয়ারের অনুগামীরা ডিলিমিটেশনের বিরোধী দাবি রোহিতের

পাওয়ার বলেন, তিনি ব্যক্তিগতভাবে এবং লক্ষ লক্ষ দলীয় কর্মী ডিলিমিটেশন বিলের বিরোধিতা করছেন। তিনি সুলে এবং দলের অন্যান্য সাংসদদের প্রকাশ্যে তাঁদের বিরোধিতার কথা ঘোষণা করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "আমি একজন সহকর্মী এবং পরিবারের একজন সদস্য হিসাবে আপনাকে অনুরোধ করছি, আগামীকাল সংসদে যে ডিলিমিটেশন বিলটি পেশ করা হবে তার বিরুদ্ধে ভোট দিন। শুধু তাই নয়, আজই ঘোষণা করুন যে আমরা এই বিলের বিপক্ষে এবং পাওয়ার সাহেবকে ভালবাসেন এমন লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও প্রগতিশীল কর্মীদের স্বস্তি দিন।"

তিনি বলেন, এই সিদ্ধান্ত শরদ পাওয়ারের প্রগতিশীল, সাম্যবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধের ঐতিহ্যকে তুলে ধরবে এবং মহারাষ্ট্রের আত্মসম্মান বৃদ্ধি করবে।

ডিলিমিটেশন বিলের বিষয়ে এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়েছে এনসিপি-এসপি।

৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগেই এই আবেদনটি করা হল। এই অধিবেশনে কেন্দ্র ডিলিমিটেশন এবং মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত সংশোধিত আইন প্রস্তাব পেশ করতে চলেছে। প্রস্তাবিত আইনি প্যাকেজে রয়েছে সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিয়ন্ত্রক আইনগুলির একটি সংশোধনী। এই প্রস্তাবগুলিতে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে। যার মধ্যে রাজ্যগুলি থেকে সর্বোচ্চ ৮১৫ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫ জন সদস্য থাকতে পারে।