দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অন্তত ১০ জন পড়ুয়া। অভিযোগগুলি খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ অভিযোগ কমিটি’ বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (ICC)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে অভিযোগগুলি জমা পড়ে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অন্তত ১০ জন পড়ুয়া। অভিযোগগুলি খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ অভিযোগ কমিটি’ বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (ICC)। প্রায় এক মাস আগে আইসিসি-র কাছে দায়ের করা অভিযোগগুলিতে বলা হয়েছে, ওই অধ্যাপক ক্যাম্পাসের ভিতরে তাঁর বাসভবনে বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের আমন্ত্রণ জানান। সেখানে তাঁদের সঙ্গে আপত্তিকর যৌন আচরণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও, ক্লাস চলাকালীন অশ্লীল মন্তব্য করার অভিযোগও করেছেন কয়েকজন পড়ুয়া।
আইসিসি-র কাছে প্রথম অভিযোগ জমা পড়ার পর বেশ সিনিয়র কয়েকজন পড়ুয়া অভিযোগকারীদের পাশে দাঁড়ান। তাঁরা ওই অধ্যাপকের কথিত আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের কয়েকজনের দাবি, অতীতেও ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। বর্তমানে অভিযোগগুলির সত্যতা যাচাই করে দেখছে আইসিসি।
তদন্ত করছে ICC
অভিযোগগুলির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত শুরু করেছে। তবে তদন্ত চলায় কমিটির তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ICC জানিয়েছে, বিষয়টি অভ্যন্তরীণ এবং বর্তমানে তদন্তাধীন। জেএনইউ-এর উপাচার্য শান্তিশ্রী ধূলিপুড়ি পণ্ডিত জানিয়েছেন, যৌন হয়রানির অভিযোগ ICC-ই খতিয়ে দেখে। উপাচার্য নিজে এই কমিটির সদস্য নন। অন্যদিকে, অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন, তিনি কোনও অভিযোগের বিষয়ে অবগত নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।


