Sex Racket Busted in Pune রেডলাইট এলাকায় হানা দিয়ে ১১ জন বাংলাদেশী মহিলাকে পুণের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হল। মহারাষ্ট্রের পুণে শহরের বুধওয়ার পেঠ এলাকায় বড়সড় অভিযান চালায় পুলিশ।
Sex Racket Busted in Pune: রেডলাইট এলাকায় হানা দিয়ে ১১ জন বাংলাদেশী মহিলাকে পুণের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হল। মহারাষ্ট্রের পুণে শহরের বুধওয়ার পেঠ এলাকায় বড়সড় অভিযান চালায় পুলিশ। পুণের পরিচিত রেড-লাইট এরিয়া হিসাবে পরিচিত বুধওয়ার পেঠ-এর একটি যৌনপল্লীতে হানা দিয়ে ২২ জন মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তল্লাশির সময় মোট ২২ জন মহিলাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১ জন বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখান। বাকি ১১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ১১ জন অবৈধভাবে শহরে বসবাস করছিলেন।
যৌনপল্লীর ৬ জন মহিলা স্বীকার করেছেন তারা বাংলাদেশের নাগরিক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি মহিলাদের মধ্যে ৬জন স্বীকার করেছেন তারা পদ্মাপাড়ের দেশের বাসিন্দা। বাকি পাঁচজনের ক্ষেত্রে নথিপত্র যাচাই করে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। আটক কয়েকজনের কাছ থেকে ভুয়ো আধার কার্ড এবং জাল আবাসিক ও পরিচয় সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন পুনে সিটি পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ ক্রুশিকেশ রাওয়াল। তিনি জানান, যৌনপল্লিতে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, বেআইনি কার্যকলাপ রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যৌনপল্লি থেকে কী কী মিলল
ঘটনার জেরে ফারাসখানা পুলিশ স্টেশনে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিবাসন আইন, জাল নথি ব্যবহার এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, বুধওয়ার পেঠ এলাকায় এর আগেও একাধিকবার পুলিশি অভিযান হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি একই এলাকায় একটি অপারেশন চালানো হয়। সেদিন রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত ৪১টি ভবনে তল্লাশি চালিয়ে ৭০০-রও বেশি বাসিন্দা ও দর্শনার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই অভিযানে দুই বাংলাদেশি মহিলাকে আটক করা হয় এবং চার নাবালিকাকে উদ্ধার করা হয়। যৌনপল্লি থেক বেশ কিছু নিষিদ্ধ ড্রাগস ও কিছু মাদক ইনজেকশন বাজেয়াপ্ত করা হয়েছিল।
কঠোর পদক্ষেপ পুলিশের
পুলিশ সূত্রে খবর, বর্তমান অভিযানে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নথি যাচাই, আইনি পদক্ষেপ এবং প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়াও শুরু করা হয়েছে। বারবার অভিযানের মধ্য দিয়ে বুধওয়ার পেঠ এলাকায় অবৈধ বসবাস, জাল নথি ব্যবহার এবং সংশ্লিষ্ট বেআইনি কার্যকলাপ রুখতে কঠোর অবস্থান নিয়েছে পুণে পুলিশ।


