অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডাপা জেলায় আবারও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আটজন আক্রান্ত এবং দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর স্বাস্থ্য সরকার নজরদারি ব্যবস্থা জোরদার করেছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ সমগ্র অন্ধ্রপ্রদেশ জুড়ে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। নজরদারি, পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডাপা (YSR Kadapa) জেলায় আবারও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আটজন আক্রান্ত এবং দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর স্বাস্থ্য সরকার নজরদারি ব্যবস্থা জোরদার করেছে। কাডাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সি এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হন। পরে তাঁর কোভিড-১৯ ধরা পড়ে। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকটি ঘটনায়, কাডাপার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন এবং পরে হাসপাতালের কোভিড-১৯ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাডাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সি এক ডাক্তারি পড়ুয়াও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চলছে তাঁর। নতুন করে সংক্রমণের খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ জেলায় বিশেষ 'র্যাপিড রেসপন্স টিম' মোতায়েন করেছে। কর্মকর্তারা আক্রান্ত এলাকার প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করেছেন। জানা গেছে, ১৮ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে এবং বাকিগুলোর ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য কর্তারা সম্প্রতি জেলা পরিষদের এক বৈঠকে জানিয়েছেন যে, জেলায় বর্তমানে আটজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন। ভাইরাসের ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত করতে এবং এর সংক্রমণের ধরণ বোঝার জন্য নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশের জেলা তদারক মন্ত্রী সবিতা (Savitha) কাডাপায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধে কর্মকর্তাদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী কর্তৃপক্ষকে নির্দেশ দেন যেন যেসব এলাকায় সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হয় এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি চালানো হয়। সবিতা হাসপাতাল ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে এবং প্রয়োজনে তাদের আইসোলেশন কেন্দ্রে স্থানান্তরের নির্দেশও দিয়েছেন। আক্রান্ত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্লিচিং পাউডার ছড়ানোর কথা জানিয়েছেন।
মন্ত্রী আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও অবিলম্বে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। যারা পজিটিভ শনাক্ত হবেন তাঁদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করতে হবে এবং অন্যদের বাড়িতে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণে রাখতে হবে। কডাপার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, রাজ্যের স্বাস্থ্য বিভাগ সমগ্র অন্ধ্রপ্রদেশ জুড়ে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। জেলা প্রশাসনগুলোকে নজরদারি, পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে পর্যাপ্ত বেড ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাসহ আইসোলেশন বা পৃথকীকরণের ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার করা এবং কোভিডের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
