Trains Cancelled Delayed: ঘূর্ণিঝড় আকভানের জেরে ওড়িশা ও অন্ধ্রগামী একাধিক ট্রেনের সময় বদলেছে, বাতিল হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত-সহ কয়েকটি ট্রেন। কোন ট্রেন কত দেরিতে ছাড়বে, কোনটি বাতিল, দেখে নিন তালিকা।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুই রাজ্যের নানা প্রান্তে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরীতেও শুরু হয়েছে জোর বর্ষণ। পুরী সংলগ্ন এলাকায় আগামিকাল, শুক্রবার আছড়তে পড়তে পারে ঘূর্ণিঝড় আকভান। ইতিমধ্যেই পুরীর সমুদ্রতটে পুলিশ মাইকে লাগাতার সতর্কবার্তা প্রচার করছে। পর্যটকদের কাউকেই সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না, সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামিকাল শুক্রবার থেকে ব্যাহত হতে পারে দূরপাল্লার ট্রেন চলাচল।
ঘূর্ণিঝড় আকভানের আঁচ বঙ্গে
এর আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। আগামী দু-তিন দিন রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা ও হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। দুর্যোগের কারণে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়ার কারণে ব্যাহত ট্রেন চলাচল
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০ নভেম্বর দুপুর নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। সেই সময় ঝড়ের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার ছুঁতে পারে। তার আগেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাগামী বেশ কিছু ট্রেনের সময়সূচিতে রদবদল ঘটিয়েছে রেল। কয়েকটি ট্রেন বাতিলও হয়েছে। প্রবল বৃষ্টি, জল জমা, লাইনের ক্ষতি কিংবা ট্রেন মাঝপথে আটকে পড়ার আশঙ্কা থেকেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাতিল করা হয়েছে বন্দে ভারতের মত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনও।
দেরিতে ছাড়বে যে ট্রেনগুলি:
সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস (১২৭০৪) বিকেল ৩টে ৫৫ মিনিটের বদলে ছাড়বে ৫টা ৫৫ মিনিটে। এসএমভিবি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১২২৪৬) সকাল ১১টা ১৫ মিনিটের জায়গায় ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট (১২৬৬৩) বিকেল ৫টা ৩৫ মিনিটের বদলে ছাড়বে ৮ ঘণ্টা পরে। রাত ১০টা ৩৫ মিনিটের হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট (১২৮৬৩) ৩ ঘণ্টা দেরিতে যাত্রা করবে। রাত ১১টা ৪৫ মিনিটের হাওড়া-এমএএস মেল (১২৮৩৯) ছাড়বে ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে। শালিমার-চরলাপল্লী স্পেশাল (০৮০৪৫) কতটা দেরিতে ছাড়বে, তা এখনও জানায়নি রেল।
বাতিল হয়েছে যে ট্রেনগুলি:
বৃহস্পতিবারের শালিমার-পুরী এক্সপ্রেস (১২৮৮১) এবং ২০ নভেম্বরের হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬)।
যাত্রীদের উদ্দেশে রেলের পরামর্শ, বাড়ি থেকে বেরোনোর আগে রেলের ওয়েবসাইট বা অ্যাপে ট্রেনের নম্বর দিয়ে সর্বশেষ অবস্থা দেখে নিতে হবে। প্রয়োজনে ফোন করা যাবে ১৩৯ হেল্পলাইনে। যাঁরা ইতিমধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছেন, তাঁরা ঘোষণা ও ইলেকট্রনিক বোর্ডের দিকে নজর রাখুন।















