Delhi Weather Chaos: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী শহর। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়ার জেরে বৃহস্পতিবার ব্যাপকভাবে ব্যাহত হল দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে না পারায় অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
Delhi Weather Chaos: প্রবল বৃষ্টি, ঝড়ে বিপর্যস্ত দেশের রাজধানী শহর। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং দমকা হাওয়ার জেরে বৃহস্পতিবার ব্যাপকভাবে ব্যাহত হল দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা। খারাপ আবহাওয়ার কারণে একাধিক বিমানের অবতরণে সমস্যা দেখা দেয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে,দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। ১৩টি আগত বিমানকে অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় মাঝ আকাশেই চক্কর কাটতে হয়। যাকে পরিভাষায় বলে 'গো অ্যারাউন্ড'।

১১টি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হল
এর মধ্যে ১১টি বিমানকে নিরাপত্তার স্বার্থে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দৃশ্যমানতা কমে যাওয়া এবং প্রবল দমকা হাওয়ার কারণে বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে বহু বিমান দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর বিকল্প বিমানবন্দরে নামতে বাধ্য হয়। এর জেরে দেশীয় ও আন্তর্জাতিক, উভয় ধরনের বিমান পরিষেবাই প্রভাবিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন বিমান সংস্থা পরিস্থিতি সামাল দিতে সমন্বয় রেখে কাজ করছে। তবে উড়ান বিলম্ব এবং বিমান ঘুরিয়ে দেওয়ার কারণে হাজার হাজার যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে যাঁদের সংযোগকারী বিমান ছিল, তাঁদের অনেকেই অতিরিক্ত সমস্যার সম্মুখীন হয়েছেন।
দেখুন ভিডিও
জারি হলুদ সতর্কতা
এদিকে, ভারতের আবহাওয়া দফতর (IMD) দিল্লি ও সংলগ্ন অঞ্চলের জন্য শুক্রবারও হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে বিমান পরিষেবার উপর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। কাল, শুক্রবার দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কী বলছে হাওয়া অফিস
IMD সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিমানযাত্রীদেরও বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজেদের উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর একাধিক এলাকায় জল জমে যাওয়ার খবরও মিলেছে, যার ফলে যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


