দিল্লিতে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইওআরএ বৈঠকের আগে সেশেলসের বিদেশমন্ত্রী ব্যারি ফৌরের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর।

ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত করতে কূটনৈতিক তৎপরতা বাড়াল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ এবং সেশেলসের বিদেশমন্ত্রী ব্যারি ফৌরের সঙ্গে পৃথক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ২৫তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA)-এর কাউন্সিল অফ মিনিস্টার্স (CoM) বৈঠক। তার আগেই এই দ্বিপাক্ষিক বৈঠকগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেন জয়শঙ্কর। সেখানে তিনি জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ২৫তম আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স বৈঠকে আরও আলোচনার জন্য তিনি অপেক্ষা করছেন বলেও জানান। জয়শঙ্কর লেখেন, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর ভালো লেগেছে। ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলি নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে।

এদিনই আইওআরএ-র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছন বিজিথা হেরাথ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানায় ভারতের বিদেশ মন্ত্রক। এক্সে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, হেরাথের এই সফর ভারত ও শ্রীলঙ্কার অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন লক্ষ্য পূরণেও সাহায্য করবে এই সফর।

অন্যদিকে, সেশেলসের বিদেশমন্ত্রী ব্যারি ফৌরের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর। দুই দেশের জনকেন্দ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন, শক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। আইওআরএ-র কাঠামোর মধ্যে দুই দেশের যৌথ উদ্যোগ এবং আঞ্চলিক সমস্যাগুলি নিয়েও আলোচনা করেন দুই বিদেশমন্ত্রী।

বৈঠকের পর এক্সে জয়শঙ্কর লেখেন, ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আইওআরএ-র মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে দেখার বিষয়েও আলোচনা হয়েছে। বৃহস্পতিবারই আইওআরএ-র ২৫তম কাউন্সিল অফ মিনিস্টার্স বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছন ব্যারি ফৌর। তাঁকেও স্বাগত জানায় বিদেশ মন্ত্রক।

উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইওআরএ-র চেয়ারম্যানের দায়িত্বে ছিল শ্রীলঙ্কা। বর্তমানে দেশটি সংগঠনের ট্রোইকার সদস্য। শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীল উন্নয়নের প্রসারে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

শুক্রবার নয়াদিল্লিতে বসতে চলেছে আইওআরএ-র ২৫তম কাউন্সিল অফ মিনিস্টার্স বৈঠক। ভারত এই বৈঠকের আয়োজক। ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে সংগঠনের ২৯তম কমিটি অফ সিনিয়র অফিশিয়ালসের বৈঠক। এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আইওআরএ-র ভবিষ্যৎ কর্মপন্থা, আঞ্চলিক সহযোগিতা এবং যৌথ উদ্যোগের নতুন ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা। বর্তমানে সংগঠনটির সদস্য রাষ্ট্রের সংখ্যা ২৩। এছাড়াও রয়েছে ১২টি ডায়ালগ পার্টনার।

২০২৫-২০২৭ মেয়াদে আইওআরএ-র সভাপতিত্ব করছে ভারত। এই সময়ের জন্য ভারতের নির্ধারিত মূল ভাবনা হল, 'ভারত মহাসাগর অঞ্চলে উদ্ভাবন, উন্মুক্ততা, স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্যতা'। বিদেশ মন্ত্রকের মতে, এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলকে শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি আরও জোরদার হবে। একই সঙ্গে 'ভিশন মহাসাগর'-এর মাধ্যমে এই অঞ্চলের সব দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেও যৌথ পদক্ষেপের পথ প্রশস্ত হবে।