নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। এবার থেকে অনলাইনে Form 6 পূরণ করার সময় আর SIR সংক্রান্ত ঘোষণা দিতে হবে না। দেশের সব রাজ্যেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। দুই নির্বাচন কমিশনারের আপত্তির পর Form 6 থেকে SIR ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। এবার থেকে অনলাইনে Form 6 পূরণ করার সময় আর SIR সংক্রান্ত ঘোষণা দিতে হবে না। দেশের সব রাজ্যেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। দুই নির্বাচন কমিশনারের আপত্তির পর Form 6 থেকে SIR ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ভোটার তালিকায় নাম তোলার আবেদন এবং SIR সংক্রান্ত ঘোষণাপত্র পৃথকভাবে জমা দিতে হবে।
কী পরিবর্তন করল নির্বাচন কমিশন?
Form 6 হল ভোটার তালিকায় নতুন করে নাম তোলার আবেদনপত্র। এতদিন অনলাইন Form 6 পূরণের সময় SIR সংক্রান্ত একটি ঘোষণাও দিতে হত। সেখানে আবেদনকারীকে জানাতে হত আগের SIR-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না। বাবা-মা অথবা দাদু-ঠাকুমার নাম ছিল কি না। পরিবারের কারও নাম সেই তালিকায় না থাকলে সেই তথ্যও জানাতে হত। এবার থেকে এই ঘোষণাপত্র আর Form 6-এর অংশ থাকছে না। আলাদা করে জমা দিতে হবে SIR Declaration।
কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন?
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তাঁদের বক্তব্য ছিল, Registration of Electors Rules, 1960 অনুযায়ী নির্ধারিত Form 6-এ কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া পরিবর্তন করা যায় না। অথচ অনলাইন ফর্মে SIR সংক্রান্ত ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল। বিবেক যোশী ১৬ মে এবং সুখবীর সিং সান্ধু ১৩ অগস্ট এই পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে Indian Express-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়মে কীভাবে আবেদন করবেন?
নতুন ব্যবস্থায় দুটি বিষয় আলাদা থাকবে। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য Form 6 জমা দিতে হবে। SIR সংক্রান্ত ঘোষণাপত্র আলাদাভাবে জমা দিতে হবে, যেখানে SIR প্রক্রিয়া প্রযোজ্য। অর্থাৎ, SIR ঘোষণাপত্র বাতিল হয়নি। শুধু Form 6 থেকে আলাদা করা হয়েছে।
নির্বাচন কমিশনে আরও কী কী পরিবর্তন হল?
শুধু Form 6 নয়, নির্বাচন কমিশনের কাজকর্মেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। কমিশনের বৈঠকের আগে আলোচ্যসূচি পাঠানো হবে। বৈঠকের পর আনুষ্ঠানিক কার্যবিবরণী প্রকাশ করা হবে। বিদেশ সফরে যাওয়ার আগে কমিশনের অনুমতি নিতে হবে আধিকারিকদের। নতুন IT মডিউল তৈরির প্রস্তাব প্রথমে কমিটির কাছে পাঠানো হবে। পরে তা কমিশনের বিবেচনায় আসবে।
পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে একাধিক প্রক্রিয়া চলছে। সেই পরিস্থিতিতে Form 6 থেকে SIR ঘোষণাপত্র আলাদা করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁদের জন্য এই পরিবর্তন জানা জরুরি। তবে মনে রাখতে হবে, SIR-এর ঘোষণা জমা দেওয়ার প্রয়োজনীয়তা উঠে যায়নি। শুধু জমা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন এসেছে।




