Gujarat Development Projects: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে ১৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো ও কৃষি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে ভিলড়িতে গবাদি পশুর গবেষণা কেন্দ্র থেকে শুরু করে কেভাদিয়ায় একতা দিবসের প্রস্তুতিও রয়েছে।
Gujarat Development Projects: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে ১৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো ও কৃষি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে ভিলড়িতে গবাদি পশুর গবেষণা কেন্দ্র থেকে শুরু করে কেভাদিয়ায় একতা দিবসের প্রস্তুতিও রয়েছে। বানাসকাণ্ঠায় এই উন্নয়ন প্রকল্পের সূচনা হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থেকে দু-দিনের গুজরাট সফর শুরু করেছেন (Gujarat Development Projects)। সফরের শুরুতেই তিনি বানাসকাণ্ঠায় একটি জমকালো রোডশো করেন। এই জেলাতেই তিনি ১৪,০০০ কোটি টাকারও বেশি খরচের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
এই সফরকালে প্রধানমন্ত্রী বানাসকাণ্ঠার ভিলড়িতে 'ভারত বোভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার' (BBBRC) দেশের উদ্দেশে উৎসর্গ করবেন। ১২৭ একর এলাকা জুড়ে তৈরি এই উন্নত গবেষণা কেন্দ্রটি গবাদি পশুর প্রজনন বৃদ্ধি, জেনেটিক মানোন্নয়ন এবং প্রজনন প্রযুক্তির আধুনিকীকরণে সাহায্য করবে। দেশের মধ্যে কাঁকরেজ জাতের গরুর জন্য তৈরি এটিই প্রথম বিশেষ কেন্দ্র, যা ১০ থেকে ২০ গুণ দ্রুত প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
পরিকাঠামো ও ডেয়ারি শিল্পের উন্নতি
বানাস ডেয়ারির উদ্যোগে থারাদ ও রাধনপুরে দুটি বায়ো-সিএনজি প্ল্যান্ট তৈরি হতে চলেছে। এই দুই প্ল্যান্টে প্রতিদিন যথাক্রমে ৭৫ মেট্রিক টন ও ১০০ মেট্রিক টন গোবর প্রক্রিয়াকরণ করা হবে। প্রধানমন্ত্রী মোদী নিজে এই প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া আমেদাবাদ মেট্রোর ২এ ফেজ (বিমানবন্দর সম্প্রসারণ) এবং ২বি ফেজ (গিফ্ট সিটি সম্প্রসারণ)-এর ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করবেন। ২এ ফেজে কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত ৬ কিলোমিটার পথে ৫টি স্টেশন থাকবে। আর ২বি ফেজে গিফ্ট সিটি থেকে শাহপুর পর্যন্ত ৩.৩ কিলোমিটার পথে ৩টি স্টেশন থাকবে। পাশাপাশি প্রায় ২,৬০০ কোটি টাকা খরচে আমেদাবাদ-মেহসানা রোড (স্টেট হাইওয়ে-৪১) চার লেন থেকে আট লেন করার কাজেরও সূচনা হবে। এতে আমেদাবাদের সঙ্গে উত্তর গুজরাটের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে।
সমাজকল্যাণ ও কৃষকদের জন্য নতুন ঘোষণা
প্রধানমন্ত্রী গুজরাটে ৪,০৩০টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি ৩৬১টি তৈরি হয়ে যাওয়া কেন্দ্রের উদ্বোধন করবেন। ৮০০ কোটি টাকার এই উদ্যোগে রাজ্যজুড়ে চার লাখেরও বেশি মানুষ উপকার পাবেন। কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে তৈরি ৫২১টি প্রকল্পও মোদী জাতির উদ্দেশে উৎসর্গ করবেন, যার মোট খরচ প্রায় ৪,৯৫০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন, গুদাম, সাইলো, পলিহাউস ও গ্রিনহাউস। পালানপুরে অতি-উচ্চ তাপমাত্রার পণ্যের জন্য একটি স্বয়ংক্রিয় স্টোরেজ ব্যবস্থা এবং সানাদারে আলু প্রক্রিয়াকরণ প্ল্যান্টের সম্প্রসারণ কাজের সূচনা হবে। যোগাযোগ বাড়াতে আমেদাবাদ (সবরমতি)-বারাণসী এক্সপ্রেস এবং মেহসানা-বেচরাজি-সবরমতি মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা করবেন তিনি।
কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পিএম-কিসান প্রকল্পের ২৪ নম্বর কিস্তির ১৯,০০০ কোটি টাকা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এতে সারা দেশের কোটি কোটি কৃষক লাভবান হবেন। পাশাপাশি ১২টি অনুমোদিত উদ্যানপালন ক্লাস্টারের কাজ শুরু হচ্ছে, যা ১.৪৬ লাখ হেক্টর জমিতে বিস্তৃত এবং ১.৩ লাখের বেশি কৃষককে সুবিধা দেবে। উত্তর গুজরাটের দুটি ক্লাস্টারে মূলত আলু চাষের ওপর জোর দেওয়া হবে।
জাতীয় একতা দিবসের অনুষ্ঠান
৩১ অক্টোবর, প্রধানমন্ত্রী কেভাদিয়ার একতা নগরে যাবেন। সেখানে তিনি স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জাতীয় একতা দিবসের কুচকাওয়াজে যোগ দেবেন। ভারতের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক 'ভারত পর্ব ২০২৬'-এর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। ১৫ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নিজস্ব ঐতিহ্য, লোকনৃত্য, খাবার ও হস্তশিল্প প্রদর্শন করবে। ঐক্য ও অগ্রগতির বার্তা নিয়ে আয়োজিত 'একতা প্রকাশ পর্ব' দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এর মূল আকর্ষণ হল ৫৩০ মিটার দীর্ঘ আলোকসজ্জিত 'ফ্লাওয়ার ভ্যালি রোড' এবং ১৮০ মিটার দীর্ঘ 'গ্লো টানেল'। পুরো সাজসজ্জায় দেড় কোটিরও বেশি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।
একতা নগরে ৪০০ কোটি টাকারও বেশি খরচে ড্রেনেজ ব্যবস্থা, নর্মদা ঘাটের সৌন্দর্য্যায়ন এবং আইআরসিটিসি হোটেলসহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরের শেষ লগ্নে সশস্ত্র পুলিশ বাহিনীর জমকালো প্যারেড অনুষ্ঠিত হবে, যেখানে মাওবাদী এলাকাগুলিতে শান্তি ও নিরাপত্তা ফেরানোর সাফল্যকে বিশেষভাবে তুলে ধরা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






