India Ships: গত এক সপ্তাহে হরমুজ প্রণালী থেকে নিরাপদে বেরিয়ে এসেছে ১০টি ভারতীয় জাহাজ। তবে পারস্য উপসাগরে এখনও ১৪টি জাহাজ আটকে রয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। 

গত এক সপ্তাহে হরমুজ প্রণালী থেকে নিরাপদে বেরিয়ে এসেছে ১০টি ভারতীয় জাহাজ। তবে পারস্য উপসাগরে এখনও ১৪টি জাহাজ আটকে রয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "গত কয়েক সপ্তাহে আমাদের ১০টি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে পার করেছে। এখনও পারস্য উপসাগরে আমাদের ১৪টি জাহাজ রয়েছে।"

ভারতীয় জাহাজে হামলা!

সম্প্রতি একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কথা বলতে গিয়ে জয়সওয়াল জানান, একদিন আগেই দুটি বিদেশি জাহাজের ওপর হামলা চালানো হয়, যেগুলিতে ভারতীয় নাবিকরা ছিলেন। তিনি আশ্বস্ত করেছেন যে নাবিকরা সবাই সুরক্ষিত আছেন। তিনি স্পষ্ট করে বলেন যে জাহাজ দুটি ভারতের নয়, তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য তাঁদের কাছে নেই। তবে ভারতীয়দের সুরক্ষাই সরকারের কাছে অগ্রাধিকার।

জয়সওয়াল যোগ করেন, "গতকাল যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তাতে দুটি বিদেশি জাহাজের ওপর হামলা হয়। আমাদের কিছু ভারতীয় নাবিক তাতে ছিলেন। তাঁরা সুরক্ষিত আছেন। যেহেতু জাহাজ দুটি বিদেশি, তাই এই বিষয়ে আমার কাছে বিস্তারিত তথ্য নেই।"

ইরান-ভারত সম্পর্ক

মুখপাত্র আরও জানান, ওই অঞ্চলে থাকা বাকি জাহাজ ও নাবিকদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার ইরানের সঙ্গে টানা যোগাযোগ রাখছে। "ইরান সরকারের সঙ্গে আমাদের লাগাতার কথা চলছে যাতে সেখানে থাকা বাকি জাহাজগুলি নিরাপদে ভারতে ফিরতে পারে," বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

হরমুজ় প্রণালী আতঙ্ক

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথ। বিশ্বের একটা বড় অংশের তেল এই পথ দিয়েই সরবরাহ হয়। তাই এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর আগে, বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকও জানায় যে ওই অঞ্চলে কর্মরত সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত আছেন।

মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল এক সাংবাদিক বৈঠকে বলেন, "গত ২৪ ঘণ্টায় বিদেশি পতাকাবাহী জাহাজের ওপর গুলি চালানোর কিছু ঘটনা ঘটেছে। যদিও কোনও ভারতীয় জাহাজের ওপর হামলা হয়নি, তবে ওই জাহাজগুলিতে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।"

তিনি নিশ্চিত করেন যে এই ঘটনায় কোনও ভারতীয় নাবিক আহত হননি। তিনি বলেন, "বিদেশি পতাকাবাহী জাহাজে গুলি চালানোর ঘটনায় কোনও ভারতীয় নাবিক আহত হননি।" মঙ্গল আরও জানান যে ক্ষতিগ্রস্ত জাহাজগুলিতে থাকা সমস্ত ভারতীয় নাবিকের খোঁজ নেওয়া হয়েছে এবং তাঁরা সুরক্ষিত আছেন। তিনি বলেন, "'ইউফোরিয়া' নামের একটি জাহাজে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন এবং তাঁরা সবাই সুরক্ষিত। একইভাবে, 'এপামিনোন্ডাস' নামের অন্য একটি জাহাজে একজন ভারতীয় নাবিক ছিলেন, তিনিও সুরক্ষিত আছেন।" তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মঙ্গল যোগ করেন, "তাই, ওই অঞ্চলের সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত আছেন।"