পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর এলাকায় চলমান সংঘাতে এখনও পর্যন্ত ২৮ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন নাবিক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতে এখনও পর্যন্ত ২৩ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৫ জনই নাবিক। অন্যদিকে, কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে আরও ৫ ভারতীয়র মৃত্যু হয়েছে এবং ২ জন নিখোঁজ। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবর জানিয়েছেন।
বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়সওয়াল এই পরিসংখ্যান তুলে ধরেন। পশ্চিম এশিয়ার সংঘাত এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ভারতীয়দের কতটা ক্ষতি হয়েছে, সেটাই স্পষ্ট করেন তিনি।
জয়সওয়াল বলেন, "পশ্চিম এশিয়ার সংঘাতে আমরা ২৩ জন ভারতীয়কে হারিয়েছি, যাঁদের মধ্যে ১৫ জন নাবিক ছিলেন।"
কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলায় কতজন ভারতীয় মারা গিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, সেখানে ৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে এবং ২ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।
তিনি আরও বলেন, "কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় কতজন ভারতীয় প্রাণ হারিয়েছেন, তা নিয়ে আগেই একটা প্রশ্ন উঠেছিল। সেখানে আমাদের ৫ জন ভারতীয় মারা গিয়েছেন এবং ২ জন এখনও নিখোঁজ।"
ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার ভারত ফের একবার পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে 'আলোচনা ও কূটনীতি'-র ওপর জোর দিয়েছে। পাশাপাশি সমুদ্রপথে যাতায়াতের নিরাপত্তাও নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ওমানের লিমাহর কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ 'এমএসভি আল জুসুফি' থেকে ১৩ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন জয়সওয়াল।
মৃত ওই নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তাঁর বাড়ি গুজরাটে।
ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ওমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জয়সওয়াল। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "ওই জাহাজে ১৪ জন ভারতীয় ক্রু মেম্বার ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ১৩ জন ভারতীয়কে দেশে ফেরানোর প্রক্রিয়া এখন চলছে। মৃত ভারতীয়র দেহ কীভাবে দেশে আনা যায়, তা নিয়েও আমরা কাজ করছি। দ্রুত পদক্ষেপ করার জন্য ওমান প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা ফের একবার সব পক্ষকে আলোচনা ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানাচ্ছি, যাতে ওই অঞ্চলে দ্রুত শান্তি ফেরে। আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।"
এদিন সকালেই কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওমান উপকূলে ১৪ জন ভারতীয় ক্রু মেম্বার থাকা জাহাজে হামলার কথা জানান। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর খবরও নিশ্চিত করেন তিনি। এরপরই বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি দেওয়া হল।
পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের জেরে পারস্য উপসাগর এবং সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর বারবার হামলার খবর সামনে আসছে। আর তারই মধ্যে এই ঘটনা ঘটল। (এএনআই)