রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান পুলিশের এটিএস প্রধান জানিয়েছেন, পাকিস্তানের এক হ্যান্ডলার এই বিস্ফোরণের নির্দেশ ও আইইডি সরবরাহ করেছিল।

গত ৩ নভেম্বর অনুপগড়-সুরাটগড় রেললাইনে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে আইইডি (IED) সরবরাহ করেছিল পাকিস্তানের এক হ্যান্ডলার। তার নাম শাহ। রবিবার এমনটাই জানালেন রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADGP) দীনেশ এমএন।

পুলিশ কর্তার বয়ান

পুলিশ কর্তা আরও জানান, ওই হ্যান্ডলারই বিস্ফোরণের জায়গা ঠিক করে দিয়েছিল এবং অভিযুক্তদের নির্দেশ দিয়েছিল। শনিবার পঞ্জাবের গুরুদাসপুর পুলিশের সাহায্যে গঙ্গানগর পুলিশ এবং এটিএস (ATS)-এর একটি যৌথ দল দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ধৃতদের নাম দেবেন্দ্র সিং ও মেহকদীপ কৌর। দু'জনেই পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)-এর প্রধান এডিজিপি দীনেশ সাংবাদিকদের বলেন, "গঙ্গানগর ও এটিএস-এর যৌথ দল পঞ্জাব পুলিশের সাহায্যে গতকাল দু'জনকে ধরেছে... তারা অপরাধ স্বীকার করেছে। তাদের আদালতে পেশ করা হবে। মোবাইল রেকর্ড ও অন্যান্য প্রমাণ থেকে এই ঘটনায় তাদের সুনির্দিষ্ট ভূমিকা পরিষ্কার।" তিনি জানান, অভিযুক্তরা তিনবার ওই এলাকায় এসেছিল। তৃতীয়বারের চেষ্টায় তারা বিস্ফোরণ ঘটাতে সফল হয়।

এডিজিপি বলেন, "প্রথম দু'বার তারা ব্যর্থ হয়। ৩ তারিখে তারা বিস্ফোরণ ঘটায়। আমরা প্রমাণ পেয়েছি যে পাকিস্তানের শাহ নামের এক হ্যান্ডলার তাদের আইইডি দেয়। তার নির্দেশেই তারা কাজ করেছে।" তিনি আরও বলেন, "কেন গঙ্গানগরকে বেছে নেওয়া হলো, তা তদন্ত এগোলে স্পষ্ট হবে। এটি একটি সীমান্তবর্তী জেলা, তাই পঞ্জাবের পরিস্থিতির কথা মাথায় রাখলে এমনিতেই সংবেদনশীল এলাকা। আগের বার যারা আরডিএক্স ও আইইডি পাঠিয়েছিল, তারাই এই ঘটনার নেপথ্যে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই কাজের জন্য তারা প্রায় ২ লাখ ৩ হাজার টাকা পেয়েছিল।"

গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ৫০ জিবি গ্রামের কাছে অনুপগড়-সুরাটগড় রেললাইনে এই বিস্ফোরণ ঘটে।

অভিযুক্তদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।