Instagram Reel Turns Fatal: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু। উত্তরপ্রদেশের বান্দা জেলার বাবেরু থানার অন্তর্গত কারুইয়া পুর্বা এলাকায় ইনস্টা রিল শুট করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৭ বছরের এক তরুণীর।

Instagram Reel Turns Fatal: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু। উত্তরপ্রদেশের বান্দা জেলায় ইনস্টা রিল শুট করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৭ বছরের এক তরুণীর। বাবেরু থানার অন্তর্গত কারুইয়া পুর্বা এলাকার বাসিন্দা সেই মৃতার নাম মোহিনী। পরিবারের সদস্যদের দাবি, মোহিনী সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে রিল বানাতে অত্যন্ত আগ্রহী ছিলেন। প্রায়শই নানা ধরনের ভিডিও শুট করতেন তিনি। গত বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ঘরের মধ্যেই একটি নাটকীয় দৃশ্যের রিল শুট করছিলেন মোহিনী। সেই ভিডিওতে ঝুলে পড়ার ভান করার জন্য ঘরের সিলিং হুকে একটি দড়ির ফাঁস তৈরি করেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গলায় ফাঁস লাগিয়ে একটি টুলের উপর শুট শুরু, তারপর...

পুলিশ জানিয়েছে, মোহিনী মোবাইল ফোনটি রেকর্ডিং মোডে রেখে গলায় ফাঁস লাগিয়ে একটি টুলের উপর দাঁড়িয়ে শুট শুরু করেন। আচমকাই তাঁর পা পিছলে যায় বা ভারসাম্য হারান তিনি। ফলে টুল থেকে পা সরে গিয়ে পুরো শরীরের ভার পড়ে যায় ফাঁসের উপর। মুহূর্তের মধ্যেই দড়ি গলায় চেপে বসে এবং তিনি নিজেকে মুক্ত করতে বা সাহায্যের জন্য ডাকতে পারেননি। কয়েক সেকেন্ডের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

চার বছরের মেয়ে প্রথম দেখে

ঘটনাটি সামনে আসে যখন মোহিনীর চার বছরের মেয়ে ঘরে ঢুকে মাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে আত্মহত্যা বলেই মনে করা হয়েছিল। তবে পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি আত্মহত্যা নয়, রিল বানানোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনা। খবর পেয়ে বাবেরু থানার পুলিশ ও জেলা পুলিশ সুপার পলাশ বনসাল ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসপি পলাশ বনসাল জানান, প্রাথমিকভাবে এটি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তৈরি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা বলেই মনে হচ্ছে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্বামী জগদীশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।