গুয়াহাটি স্টেশনে RPF এবং NCB যৌথ অভিযান চালিয়ে কামরূপ এক্সপ্রেস থেকে ১.১৬৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় ২.৩৩ কোটি টাকা। এই ঘটনায় ১৮ ও ২২ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল। মঙ্গলবার গুয়াহাটি রেল স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেন থেকে ১.১৬৮ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়, যার বাজারদর প্রায় ২.৩৩ কোটি টাকা।
গুয়াহাটি স্টেশনে যৌথ অভিযান
মঙ্গলবার RPF গুয়াহাটির এক সিনিয়র আধিকারিক জানান, গুয়াহাটি স্টেশনের ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং NCB-র গুয়াহাটি শাখা যৌথভাবে ডিএন কামরূপ এক্সপ্রেসে এই অভিযান চালায়।
ওই আধিকারিক বলেন, "ট্রেনের A-2 কোচে তল্লাশির সময় ১৭ ও ১৮ নম্বর বার্থে বসে থাকা দুই যাত্রীকে সন্দেহ হয়। তাদের ব্যাগপত্র চেক করতে গিয়েই চারটি প্যাকেটে সন্দেহজনক হেরোইন (ব্রাউন সুগার) লুকানো অবস্থায় পাওয়া যায়।"
দুই যুবক গ্রেপ্তার
যৌথ দলটি ২২ বছর বয়সী আজাবুর রহমান এবং ১৮ বছর বয়সী শাহজাহান আলিকে গ্রেপ্তার করেছে। RPF আধিকারিক আরও জানান, "চারটি প্যাকেট ওজন করে মোট ১.১৬৮ কেজি (২৯২ + ২৮৯ + ৩১০ + ২৭৭ গ্রাম) সন্দেহজনক হেরোইন (ব্রাউন সুগার) পাওয়া গেছে। NCB/গুয়াহাটির আধিকারিকরা সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এবং সাক্ষীদের উপস্থিতিতে মাদক বাজেয়াপ্ত করেন।"
এই ঘটনায় NCB গুয়াহাটি, ২০২৬ সালের ২৫ আগস্ট NDPS আইনের ৮(সি)/২১(সি)/২৯ ধারায় একটি মামলা দায়ের করেছে। RPF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২,৩৩,৬০,০০০ টাকা।


