Manipur Violence:ফের মণিপুরে বড় হিংসার ঘটনা।বিষ্ণুপুর জেলার মইরাংয়ের ত্রংলাওবি এলাকায় একটি সাধারণ বাড়িকে লক্ষ্য করে রকেট ও বোমা হামলা চালানো হয়।রাত প্রায় ১টা নাগাদ ঘটে এই বিস্ফোরণ। মৃত্যু হয় দুই শিশুর, ৫ বছরের ছেলে এবং অন্যজন মাত্র ৫ মাসের কন্যা।
Manipur Violence: ফের মণিপুরে বড় হিংসার ঘটনা। গভীর রাতে বিষ্ণুপুর জেলার মইরাংয়ের ত্রংলাওবি এলাকায় একটি সাধারণ বাড়িকে লক্ষ্য করেরকেট বা বোমা ছুড়ে হামলা চালানো হয়। রাত প্রায় ১টা নাগাদ ঘটে এই বিস্ফোরণ। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশুর একজন ৫ বছরের ছেলে এবং অন্যজন মাত্র ৫-৬ মাসের কন্যাশিশু। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁদের মা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এরপরই শুরু হয় বড় বিক্ষোভ, প্রতিবাদ। উত্তেজিত জনতা একটি CRPF ক্যাম্পে ঢোকার চেষ্টা করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বিক্ষোভের মাঝে তেলবাহী ট্য়াঙ্কারে ধরিয়ে দেওয়া হল আগুন
এরই মধ্যে মইরাংয়ে রকেট হামলায় দুই শিশুর মৃত্যু হওয়ায় প্রতিবাদে তেলবাহী ট্যাঙ্কারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জঙ্গিরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার সময় পরিবারটি ঘুমিয়ে ছিল বলেই খবর। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিষ্ণুপুর-সহ একাধিক এলাকায় বিক্ষোভ শুরু হয়। মইরাং থানার সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগও উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেখুন দুই শিশুর মৃত্যুর পর মণিপুরে ক্ষোভের আগুন
পাঁচ জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারেনট
এই পরিস্থিতিতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নেয়। অশান্তি ছড়ানো রুখতে পাঁচটি জেলায়,ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুরে। তিন দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রডব্যান্ড, ভিপিএন ও ভিস্যাট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। রাজ্য সরকারের দাবি, সোশ্যাল মিডিয়ায় গুজব ও উত্তেজনামূলক বার্তা ছড়ানো আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংয়ের
মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই ঘটনার তীব্র নিন্দা করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিরীহ দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মণিপুরে দীর্ঘদিন ধরেই জাতিগত সংঘাত ও হিংসা চলছে। এই নতুন ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।


