TTI Sudha Dwivedi:বিনা টিকিটে রেল ভ্রমণের শাস্তিতে জরিমানায় নজির। লোকাল ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে নজির গড়লেন এক মহিলা টিকিট পরীক্ষক। মুম্বইয়ের বিভিন্ন লোকালে একদিনে ২০২ জন টিকিট ছাড়া যাত্রীদের ধরে নজির গড়েছেন তিনি।

TTI Sudha Dwivedi:বিনা টিকিটে রেল ভ্রমণের শাস্তিতে জরিমানায় বড় নজির। লোকাল ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে নজির গড়লেন এক মহিলা টিকিট পরীক্ষক। মুম্বইয়ের বিভিন্ন লোকাল ট্রেনে একদিনে ২০২ জন টিকিটছাড়া বা অনিয়মিত যাত্রীকে ধরার পাশাপাশি জরিমানা বাবদ ৫৫,২১০ টাকা আদায় করে রেকর্ড গড়েছেন মধ্য রেলের টিকিট পরীক্ষক সুধা দ্বিবেদী (Sudha Dwivedi)। রেল সূত্রে জানা গিয়েছে, এই কৃতিত্ব মুম্বই শহরতলির নেটওয়ার্কে একদিনে কোনও একক টিটিই-র সর্বোচ্চ জরিমানা আদায়ের ঘটনা। সুধা দ্বিবেদী সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনের ট্রাভেলিং টিকিট ইনস্পেক্টর (টিটিআই) তথা হেড টিটিই হিসেবে কর্মরত। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি শহরতলির বিভিন্ন লোকাল ট্রেনে বিশেষ টিকিট পরীক্ষার অভিযান চালান তিনি। সেদিনই ২০২টি টিকিটবিহীন বা অনিয়মিত ভ্রমণের ঘটনা চিহ্নিত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কীভাবে গড়লেন নজির

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি ও ফার্স্ট ক্লাস কামরায় টিকিট ছাড়া যাত্রা দীর্ঘদিনের সমস্যা। সেই কারণেই এই বিশেষ নজরদারি অভিযান। সূত্রের দাবি, অনেক সময় সাধারণ যাত্রীর মতোই ট্রেনে ওঠেন সুধা দ্বিবেদী। পরে হঠাৎ পরিচয়পত্র দেখিয়ে টিকিট পরীক্ষা শুরু করেন। ফলে চমক অভিযান কার্যকর হয়। প্রসঙ্গত, কয়েক দিন আগেই ২৪ ফেব্রুয়ারি তাঁর সহকর্মী রুবিনা আকিব ইনামদার দেড়শো জন টিকিটবিহীন যাত্রীকে ধরে প্রায় ৪৫ হাজার টাকার বেশি জরিমানা আদায় করেছিলেন। সেই রেকর্ডও ভেঙে দেন সুধা।

এর আগও নজির গড়েছিলেন

এটি অবশ্য সুধার প্রথম উল্লেখযোগ্য সাফল্য নয়। এর আগেও একাধিকবার নজর কেড়েছেন তিনি। ২২ অক্টোবর ২০২৪-এ ১০৩টি মামলা ধরে ২৯,১৬৫ টাকা এবং ২০২৪ সালের ২৯ অক্টোবর ১২৯টি মামলা ধরে ৩৫,৫৫০ টাকা জরিমানা আদায় করেছিলেন। মধ্য রেল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সাফল্যের প্রশংসা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিটবিহীন যাত্রা রুখতে এবং রাজস্ব বাড়াতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ব্যস্ততম মুম্বই লোকাল নেটওয়ার্কে দায়িত্বনিষ্ঠা ও দক্ষতার উদাহরণ হিসেবে সুধা দ্বিবেদীর এই সাফল্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।