NEET Controversy: বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিরোধীরা একবগ্গা। কিন্তু সরকার জানিয়ে দিয়েছে, তারা দায়িত্ব থেকে পালাবে না, তাই ইস্তফার প্রশ্নই ওঠে না। এই টানাপোড়েনের জেরে সংসদের অধিবেশন টানা ব্যাহত হচ্ছে।

NEET Controversy: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে জট কিছুতেই কাটছে না। ককরোচ জনতা পার্টি (CJP) নিজেদের দাবিতে অনড় থাকলেও, সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাঁর ইস্তফা নেওয়ার কোনও প্রশ্নই নেই। সরকারি সূত্রের খবর, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার বদলে সরকার মানুষের দেওয়া রায় মেনে কাজ করতে চায়।

CJP এবং অন্যান্য বিরোধী দলগুলি প্রধানের ইস্তফার দাবিতে একজোট। এই বিষয়ে তারা যে কোনও আপস করতে নারাজ, সেটাও স্পষ্ট করে দিয়েছে CJP।এর জবাবে কেন্দ্রীয় সরকারের এক সূত্র জানিয়েছে, 'প্রধানের ইস্তফার কোনও প্রশ্নই ওঠে না। ইস্তফা দিয়ে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়াটা খুব সহজ কাজ। মানুষ আমাদের রায় দিয়েছেন এবং আমরা সেই রায়কে সম্মান জানিয়ে কাজ করব।' ফলে, CJP এবং সরকারের মধ্যে এই সংঘাত আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

টানা ৫ দিন ধরে অধিবেশন ভণ্ডুল

NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে কেন্দ্র করে লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই টানা পাঁচ দিন ধরে কাজকর্ম লাটে উঠেছে। বিরোধী সাংসদরা NEET কেলেঙ্কারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকারের প্রস্তাবিত 'জাতীয় প্রতীকের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬'-এর মতো একাধিক বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন। এর জেরে দুই কক্ষের অধিবেশনই মুলতুবি করে দিতে হয়। গত ২০ জুলাই থেকে অধিবেশন শুরু হলেও, এই গণ্ডগোলের কারণে একদিনও মসৃণভাবে কাজ এগোয়নি।

ইস্তফার দাবিতে অনড় CJP, শনিবার ফের বৈঠক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি নিয়ে শুক্রবার দিল্লির বিট্টলভাই প্যাটেল হাউসে একটি বৈঠক হয়। সেখানে CJP-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিং। কিন্তু CJP নেতারা প্রধানের ইস্তফার দাবিতে নিজেদের অবস্থানেই অনড় থাকেন। ফলে প্রায় দু'ঘণ্টার বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। শনিবার আবার বৈঠকে বসার কথা রয়েছে।

CJP-র এক নেতার কথায়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার শনিবার পর্যন্ত সময় চেয়েছে। যদিও বৈঠকে উপস্থিত নাড্ডা ইস্তফা নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি শুধু জানিয়েছেন যে আলোচনা শনিবারও চলবে। গত এক মাস ধরেই সরকারের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে আসছিল CJP। প্রথমে তারা নাড্ডার বাড়িতে বৈঠকে বসতে রাজি ছিল না, কোনও নিরপেক্ষ জায়গায় বৈঠকের দাবি তোলে। অনেক টানাপোড়েনের পর শুক্রবার বিট্টলভাই প্যাটেল হাউসে এই বৈঠক হয়। বৈঠকে CJP-র দুজন প্রতিনিধি এবং সরকারের তরফে নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।

ক্ষতিপূরণ ও FIR প্রত্যাহারের দাবি

বৈঠকের পর CJP-র মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের বলেন, 'আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের পরিষ্কার জানিয়ে দিয়েছি যে প্রধানের ইস্তফার দাবিতে কোনও আপস করা হবে না। এছাড়াও, NEET-এর কারণে যে সব পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা FIR তুলে নিতে হবে'। অন্যদিকে, নাড্ডা জানিয়েছেন, 'আমরা CJP-র দাবিগুলো শুনেছি। শনিবার আবার দেখা করব'।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।