নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কন্যা অনিতা বোস ফাফ। জেনে নিন পুরো ঘটনা ও সর্বশেষ আপডেট।

নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর কন্যা অনিতা বোস ফাফ। বর্তমানে জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে তাঁর চিতাভষ্ম সংরক্ষিত রয়েছে বলেই দাবি করা হয়।

এটাই প্রথম নয়, এর আগেও নেতাজির পরিবারের পক্ষ থেকে তাঁর নাতি-ভাইপো একই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাইলেও সেই উদ্যোগ সফল হয়নি। এবার অনিতা বোস ফাফ নিজেই আদালতের কাছে আবেদন জানিয়েছেন, যাতে কেন্দ্র সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনে।

অনিতা দেবী বলেছেন, "স্বাধীনতা সংগ্রামের এই কিংবদন্তি নেতার প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান জানাতে তাঁর চিতাভস্ম ভারতে এনে সংরক্ষণ বা শেষকৃত্যের ব্যবস্থা করা উচিত। দীর্ঘ কয়েক দশক ধরে নেতাজির মৃত্যুকে ঘিরে নানা বিতর্ক থাকলেও তাঁর পরিবারের একটি অংশ মনে করে, এই অধ্যায়ের একটি মর্যাদাপূর্ণ সমাপ্তি হওয়া প্রয়োজন।"

নেতাজির মৃত্যুর ঘটনাকে ঘিরে এখনও কম রহস্য নেই। একাংশের মতে, ১৯৪৫ সালে তাইহোকু (বর্তমান তাইপে)-তে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর এবং পরে তাঁর দেহাবশেষ জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষণ করা হয়। তবে অনেকেই মনে করেন তিনি ওই দুর্ঘটনায় মারা যাননি।

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া নতুন আবেদনে সেই বহু পুরনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং কেন্দ্র সরকারের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রাখছেন ইতিহাসবিদ, গবেষক ও নেতাজি-অনুরাগীরা।