Prashant Kishor: নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে দেশজোড়া বিক্ষোভের পর, প্রথম উপনির্বাচনেই বড় ধাক্কা খেল বিজেপি। বিহারের বাঁকিপুর আসনে নিজেদের শক্ত ঘাঁটিতেই হেরে গেল তারা। এই কেন্দ্রে জয়ী হলেন জন স্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর।

Prashant Kishor: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের পর, প্রথম বড় পরীক্ষায় ধাক্কা খেল বিজেপি (bihar election 2026 result)। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত হারিয়ে দিয়েছেন বিজেপির প্রার্থীকে এবং এই আসনটি দখল করেছেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় এই আসনটি খালি হয়ে যায় (prashant kishor election)।

বিহারের বাঁকিপুর উপনির্বাচনে পরাজয় বিজেপির

প্রশান্ত কিশোর প্রায় ১৯,৩২৪ ভোটের ব্যবধানে বিজেপির নীরজ কুমার সিনহাকে পরাজিত করেছেন। প্রশান্ত পেয়েছেন মোট ৬৪,১৫১টি ভোট। অন্যদিকে, নীরজ কুমারের ঝুলিতে এসেছে ৪৪,৮২৭টি ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী মাত্র ১৪,২৭৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে গেছেন। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে নীতিন নবীন পাঁচবারের জেতা প্রার্থী। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে তিনি ৫০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়া জন স্বরাজ পার্টির জন্য প্রশান্ত কিশোরের এই জয় নিঃসন্দেহে বড় অক্সিজেন।

বাঁকিপুর ছাড়াও মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনের ফলও ঘোষণা করা হয়েছে। কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীকে বিধায়ক পদ থেকে বরখাস্ত করার কারণে, দাতিয়ায় উপনির্বাচন হয়। এই কেন্দ্রে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক ঘনশ্যাম সিং ৬০১৬ ভোটের ব্যবধানে জিতে আসনটি ধরে রেখেছেন। ঘনশ্যাম সিং পেয়েছেন ৬৬,৭৫৭টি ভোট এবং উল্টোদিকে বিজেপির প্রার্থী আশুতোষ তিওয়ারি পেয়েছেন ৬০,৭৪১টি ভোট। এই আসনে বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক নরোত্তম মিশ্রকে টিকিট না দেওয়ায় দলের অন্দরে বড়সড় গোলযোগ তৈরি হয়েছিল।

শক্ত ঘাঁটিতেই হার, বাজিমাত করলেন প্রশান্ত কিশোর

অন্যদিকে, গুজরাতের ভদোদরার মঞ্জলপুর আসনে উপনির্বাচন হয়েছে বিজেপির বর্ষীয়ান বিধায়ক যোগেশ প্যাটেলের মৃত্যুর কারণে। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত মঞ্জলপুরে দলের প্রার্থী সতীশ প্যাটেলই জয়ী হয়েছেন। তিনি কংগ্রেস প্রার্থী রাবারিকে ৩০,৬৩০ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন। সতীশ প্যাটেল পেয়েছেন ৫৫,৪৮১টি ভোট, অন্যদিকে কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র ২৪,৮৫১টি ভোট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।