প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ফোন ট্যাপ করার অভিযোগও তুললেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি, তাঁর মোবাইল ফোনেই রয়েছে একাধিক অভিযোগের প্রমাণ। প্রধানমন্ত্রীও নাকি সেই বিষয়ে অবগত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ফোন ট্যাপ করার অভিযোগও তুললেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি, তাঁর মোবাইল ফোনেই রয়েছে একাধিক অভিযোগের প্রমাণ। প্রধানমন্ত্রীও নাকি সেই বিষয়ে অবগত, কারণ তাঁর ফোনে আড়ি পাতেন মোদি! শুক্রবার Instagram-এর একটি 'Ask Me' সেশনে এমনই মন্তব্য করেন রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্বে একজন রাহুল গান্ধীকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করছেন তিনি (রাহুল) বিদেশি শক্তির সাহায্য পাচ্ছেন। অন্যদিকে রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই দুই দাবির প্রমাণ কোথায়?

জবাবে নিজের মোবাইল ফোন দেখিয়ে রাহুল বলেন, প্রমাণ রয়েছে এই ফোনেই। তাঁর দাবি, প্রধানমন্ত্রী জানেন তাঁর ফোনে কী রয়েছে, কারণ তিনি ফোন ট্যাপ করান। রাহুল আরও বলেন, প্রধানমন্ত্রী যদি তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসেন, তাহলে দেশবাসী জানতে পারবেন কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত এবং কতদিন ধরে এমন কাজ চলছে।

মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্ক চান রাহুল

রাহুল গান্ধীর বক্তব্য, দীর্ঘ বক্তৃতা নয়, তিনি চান প্রধানমন্ত্রী ও তিনি মুখোমুখি বসে সরাসরি প্রশ্ন-উত্তর করুন। দু'পক্ষই একে অপরকে প্রশ্ন করবেন এবং নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি দেবেন। এই বিতর্কের বিচারক হিসেবে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি অথবা RSS প্রধান মোহন ভাগবতকে রাখলেও তাঁর আপত্তি নেই বলে জানান রাহুল। তাঁর দাবি, মোদির সঙ্গে একবার মুখোমুখি বিতর্ক হলেই প্রধানমন্ত্রীর পদে থাকা কঠিন হয়ে পড়বে।

সংসদে মাইক বন্ধ করে দেওয়া হয়, অভিযোগ রাহুলের

কেন সংসদের ভিতরে বিতর্ক না করে আলাদা মঞ্চে মুখোমুখি বিতর্কের দাবি করছেন তিনি? এই প্রশ্নের জবাবে রাহুলের অভিযোগ, লোকসভায় তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

যে বিষয়গুলি নিয়ে তিনি বিতর্ক করতে চান, তার মধ্যে রয়েছে:

  • কৃষি আইন।
  • ভোট চুরির অভিযোগ।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR।
  • চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি।
  • প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের বই।
  • এপস্টিন বিতর্ক।

রাহুলের অভিযোগ নিয়ে কী বলছে বিজেপি?

রাহুল গান্ধীর ফোন ট্যাপিংয়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, শিরোনামে থাকার জন্য রাহুল এই ধরনের মন্তব্য করেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগে সংসদকেই বিতর্কের উপযুক্ত মঞ্চ বলে মন্তব্য করেছিলেন। বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেছিলেন তিনি।