রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' ছবিটি মুক্তির আগে একটি বিশেষ স্ক্রিনিংয়ের দাবি জানিয়েছে শ্রী রামলীলা মহাসঙ্ঘ। তাদের আশঙ্কা, ছবিটিতে হিন্দু ভাবাবেগে আঘাত করার মতো কিছু থাকতে পারে। নির্মাতারা এই দাবি না মানলে দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

ফের বিতর্কের কেন্দ্রে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি ছবি। ২০২৩ সালে প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ছবিটি নিয়ে যে ধরনের বিতর্ক হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতে আগেভাগেই আসরে নামল শ্রী রামলীলা মহাসঙ্ঘ। রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'-এর নির্মাতাদের কাছে ছবি মুক্তির আগে একটি বিশেষ প্রিভিউ স্ক্রিনিংয়ের অনুরোধ করেছে তারা।

রামলীলা মহাসঙ্ঘের হুঁশিয়ারি

রামলীলা মহাসঙ্ঘের তরফে একটি প্রেস নোটে জানানো হয়েছে, সংগঠনের সভাপতি অর্জুন কুমার 'রামায়ণ' ছবির নির্মাতাদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন। চিঠিতে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজনা সংস্থাকে অনুরোধ করা হয়েছে, দিওয়ালিতে ভারত এবং বিদেশে ছবিটি মুক্তির আগে মহাসঙ্ঘের একটি প্রতিনিধি দলকে ছবিটি দেখানো হোক।

'আদিপুরুষ'-এর এপর কাঠগ়ড়ায় 'রামায়ণ'

অর্জুন কুমার তাঁর চিঠিতে 'আদিপুরুষ' ছবির প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি মনে করিয়ে দেন, ওই ছবিটি মুক্তির পর সনাতন ধর্মাবলম্বী এবং ঐতিহ্যবাহী রামলীলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একাধিক বিষয়ে আপত্তি তুলেছিলেন।

প্রেস নোট অনুযায়ী, সেই সময়কার অভিযোগগুলির মধ্যে ছিল, "লঙ্কাকে সোনার বদলে কালো দেখানো এবং রাবণ ও তার সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করা যা প্রচলিত বিশ্বাসের সঙ্গে মেলে না।" এই বিতর্কের প্রভাব ছবিটির বক্স অফিস আয়ের উপরেও পড়েছিল।

অর্জুন কুমার বলেন, "মহাসঙ্ঘের কাছে আসা তথ্য অনুযায়ী, 'রামায়ণ' ছবিতেও এমন কিছু দৃশ্য থাকতে পারে যা ভারত ও বিদেশের হিন্দুদের ভাবাবেগে আঘাত করতে পারে। এই আশঙ্কার কথা মাথায় রেখেই আমরা একটি বিশেষ প্রিভিউ স্ক্রিনিংয়ের অনুরোধ করছি, যাতে কোনও আপত্তিকর দৃশ্য বা সংলাপ থাকলে তা মুক্তির আগেই চিহ্নিত করে বাদ দেওয়া যায়।"

শ্রী রামলীলা মহাসঙ্ঘের সভাপতি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি নির্মাতারা এই অনুরোধ না মানেন, তাহলে মহাসঙ্ঘ বিভিন্ন হিন্দু সংগঠনের সঙ্গে মিলে দিল্লি এবং অন্যান্য রাজ্যের সিনেমা হলের বাইরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাবে। প্রসঙ্গত, 'রামায়ণ'-এর ট্রেলারটি ব্রহ্ম মুহূর্তে প্রকাশ করা হয়েছিল। ট্রেলারের শুরুতে রাবণের ভূমিকায় যশকে দেখা যায়। তিনি নিজের বিশাল প্রাসাদে প্রবেশ করে তিন লোকের উপর তাঁর শাসনের কথা ঘোষণা করেন।

অন্ধকার যখন বাড়ছে, তখন পৃথিবীতে রাজকুমার রাম রূপে ভগবান বিষ্ণুর পুনর্জন্ম হয়। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। রাজা দশরথের ভূমিকায় অরুণ গোভিলকে দেখা যায়, যিনি অযোধ্যার মানুষের সঙ্গে রামের পরিচয় করিয়ে দিচ্ছেন।

ট্রেলারে রাম ও সীতার বিয়ের ঝলকও রয়েছে। সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। কৈকেয়ীর ইচ্ছাকে সম্মান জানিয়ে রামের ১৪ বছরের বনবাসে যাওয়ার আবেগঘন মুহূর্তও দেখানো হয়েছে, যেখানে তাঁর সঙ্গে যাচ্ছেন ভাই লক্ষ্মণ। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।

এছাড়াও ট্রেলারে মহাকাব্যের গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন শূর্পণখার দৃশ্য (এই চরিত্রে রাকুল প্রীত সিং), সীতা হরণ এবং ভালো ও মন্দের মধ্যে বিশাল যুদ্ধের প্রস্তুতিও তুলে ধরা হয়েছে। ছবিতে বড় মাপের অ্যাকশন সিকোয়েন্স এবং পৌরাণিক প্রাণীদের দেখা যাবে। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং রবি দুবে ছাড়াও এই ছবিতে হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হান্স জিমার এবং এ. আর. রহমান। 'রামায়ণ: পার্ট ১' ২০২৬ সালের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এরপর 'রামায়ণ: পার্ট ২' ২০২৭ সালের দিওয়ালিতে আসতে পারে।