রাশিয়ার থেকে চতুর্থ S-400 'সুদর্শন' এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে এসে পৌঁছেছে। এর ফলে দেশের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হল। প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই এই সিস্টেমটিকে নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।
দেশের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপ। রাশিয়া থেকে চতুর্থ S-400 'সুদর্শন' এয়ার ডিফেন্স সিস্টেমের স্কোয়াড্রনটি কয়েক দিন আগে ভারতে এসে পৌঁছেছে।

প্রতিরক্ষা সূত্র এএনআই-কে জানিয়েছে, রাশিয়ার এই দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমটি জাহাজে করে ভারতে এসেছে এবং খুব শীঘ্রই এটিকে নির্দিষ্ট অপারেশনাল এলাকায় মোতায়েন করা হবে।
S-400 চুক্তি, পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা
২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচটি S-400 স্কোয়াড্রন কেনার চুক্তি হয়েছিল। এর মধ্যে তিনটি স্কোয়াড্রন দুই বছর আগেই ভারতে চলে আসে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাকি দুটি আসতে দেরি হয়।
‘অপারেশন সিন্দুর’-এর সময় সুদর্শন সিস্টেমটি একটি বড় ভূমিকা পালন করেছিল। এটি ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা পাকিস্তান বায়ুসেনার একটি নজরদারি বিমানকে ধ্বংস করে। সারফেস-টু-এয়ার মিসাইল দিয়ে এত দূর থেকে বিমান ধ্বংস করার এটি একটি রেকর্ড।
আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই পঞ্চম স্কোয়াড্রনটিও ভারতে এসে পৌঁছবে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) ইতিমধ্যেই আরও পাঁচটি S-400 স্কোয়াড্রন কেনার ছাড়পত্র দিয়েছে।
দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির উদ্যোগ
ভারত 'প্রোজেক্ট কুশা' নামে একটি দেশীয় প্রকল্পেও কাজ করছে। এর লক্ষ্য হল রাশিয়ার সিস্টেমের মতোই দূরপাল্লার শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা। ভারতের প্রতিরক্ষা সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ এই প্রকল্পের ডেভলপমেন্ট কাম প্রোডাকশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।


