SEMICON India 2026: সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ কাস্টমস, পরিবহন এবং রেগুলেটরি সমস্যা নিয়ে সরব হন সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিরা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বাস দিয়েছেন, সরকার দ্রুত এই সমস্যাগুলো মেটাতে শিল্পের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।

SEMICON India 2026: শিল্পের সমস্যা মেটাবে সরকার। সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর কান্ট্রি রাউন্ডটেবিলে কাস্টমস, পরিবহন এবং রেগুলেটরি অনুমোদনের মতো বেশ কিছু সমস্যা তুলে ধরেছেন সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিরা (SEMICON India 2026)। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সমস্যাগুলো মেটাতে সরকার শিল্পের সঙ্গে একযোগে কাজ করবে। শুক্রবার, সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, কান্ট্রি রাউন্ডটেবিলগুলো থেকে বেশ ভালো ফিডব্যাক পাওয়া গেছে। পাশাপাশি অংশগ্রহণকারীরা কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন।

ক্যাবিনেট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, "কান্ট্রি রাউন্ডটেবিল থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। ওঁরা কিছু সমস্যার কথা জানিয়েছেন, আমরা অবিলম্বে সেগুলো নিয়ে কাজ শুরু করব।" তিনি আরও বলেন, "কাস্টমস এবং পরিবহন নিয়ে কিছু সমস্যা রয়েছে। অনুমোদনের ক্ষেত্রেও কিছু জটিলতা আছে। এই সব বিষয়ে আমরা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।"

আরও পড়ুন - BRICS Summit 2026: সফলভাবে শেষ হল ১৮ তম ব্রিকস সম্মেলন, 'উইমেন ইন ইনোভেশন' থেকে ডিজিটাল প্রযুক্তি! কোন কোন বিষয়ে আলোচনা হল?

আন্তর্জাতিক অংশগ্রহণ এবং চুক্তি

সেমিকন ইন্ডিয়ার কান্ট্রি রাউন্ডটেবিলে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি, সরকারি প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা এক ছাদের তলায় আসেন। সেখানে ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন, বিনিয়োগ, প্রযুক্তি এবং মেধা নিয়ে আলোচনা হয়। অশ্বিনী বৈষ্ণব জানান, এই ইভেন্টে বেশ কয়েকটি মউ (MoU) এবং পারচেজ অর্ডার সই হয়েছে, যা শুক্রবার পেশ করা হয়। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী জানান, এই ইভেন্টে আন্তর্জাতিক কোম্পানিগুলির তরফ থেকে দারুণ সাড়া পাওয়া গেছে। বিশেষ করে, জাপান এবং সিঙ্গাপুরের প্যাভিলিয়নের কথা উল্লেখ করেন তিনি। এএনআই-কে তিনি বলেন, "বিভিন্ন দেশের প্যাভিলিয়নে গেলে দেখতে পাবেন জাপান ও সিঙ্গাপুরের মতো দেশ থেকে বড় বড় দল এসেছে। প্রতিটি দেশের প্যাভিলিয়নে প্রায় ৩০টি করে কোম্পানি রয়েছে।"

মেধা এবং কর্মী উন্নয়নে জোর

পড়ুয়াদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সেমিকন্ডাক্টর সেক্টরে কাজের সুযোগ নিয়ে পড়ুয়াদের মধ্যে দারুণ উৎসাহ এবং কৌতূহল রয়েছে। তাঁর কথায়, “পড়ুয়াদের মধ্যে উৎসাহের পাশাপাশি কৌতূহলও রয়েছে। এককথায়, পড়ুয়ারা নতুন ভবিষ্যতের একটা দিশা দেখতে পাচ্ছে।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী একটি ২৪০ ঘণ্টার 'লেভেল ওয়ান' সেমিকন্ডাক্টর কোর্সের কথাও উল্লেখ করেন। শিল্পের এক প্রতিনিধি হাইস্কুলের পড়ুয়াদের জন্য এই কোর্সের প্রস্তাব দিয়ে তা চালু করেছেন। মন্ত্রী বলেন, "এটা একটা লেভেল ওয়ান কোর্স। ২৪০ ঘণ্টার এই কোর্সটা খুবই ভালো... হাইস্কুলের কোনও পড়ুয়া এই ২৪০ ঘণ্টার কোর্সটা করলে সে সরাসরি সেমিকন্ডাক্টর শিল্পে কাজ শুরু করতে পারবে।"

আরও পড়ুন - SEMICON India 2026: চলতি সেপ্টেম্বরেই দিল্লিতে বসছে সেমিকন ইন্ডিয়ার আসর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সেমিকন ইন্ডিয়া ২০২৬ সম্পর্কে

নয়াদিল্লির যশোভূমিতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলছে সেমিকন ইন্ডিয়া ২০২৬। এবারের থিম হল "সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম"। তিন দিনের এই ইভেন্টে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স দুনিয়ার কোম্পানি, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং পড়ুয়ারা অংশ নিচ্ছেন। এখানে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর এবং সুইডেনের ছ'টি কান্ট্রি প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি কান্ট্রি রাউন্ডটেবিল, স্টার্টআপ প্যাভিলিয়ন, স্টুডেন্ট হ্যাকাথন এবং কর্মী উন্নয়নের নানা কর্মসূচিও চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।