Sikkim News: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল সিকিম। বাংলার প্রতিবেশী এই রাজ্যের বিভিন্ন জনপ্রিয় শৈলশহরে বাঙালি পর্যকের সংখ্যাই বেশি। এই মুহূর্তেও গ্যাংটকে (Gangtok) অনেক বাঙালি পর্যটক আছেন। কিন্তু লাচেনে (Lachen) যাঁরা গিয়ে আটকে পড়েছেন, তাঁদের সমস্যা হচ্ছে। তবে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) উদ্ধারকার্য শুরু করেছে।
KNOW
Lachen News: সিকিমের (Sikkim) জনপ্রিয় পর্যটনস্থল লাচেনে এখনও আটকে হাজারেরও বেশি পর্যটক। তাঁদের মধ্যে অনেক বাঙালি আছেন। মোট কতজন বাঙালি এই মুহূর্তে আটকে আছেন, সেই সংখ্যা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং গ্যাংটকের (Gangtok) বিভিন্ন হোটেল সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া বাঙালি পর্যটকের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের উদ্ধারকার্যে সাহায্য করছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। লাচেন-ডনকিলা(Donkyla)-শিবমন্দির (Shiv Mandir) রুটে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনও পর্যটকদের উদ্ধারকার্যে সাহায্য করছে। সোমবার বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে সরাসরি লাচেন থেকে পর্যকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ডোকলাম (Doklam), জিরো পয়েন্ট (Zero Point), লাচুং (Lachung) হয়ে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।
আটকে পড়া পর্যটকদের কী অবস্থা?
ভোলা শেখ নামে এক পর্যটক জানিয়েছেন, তিনি বাইক নিয়ে লাচেনে গিয়ে আটকে পড়েছেন। লাচেন থেকে ঝুম থাগ যাওয়ার রাস্তায় ধস নেমেছে। লাচেন পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশন, ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police), সেনাবাহিনী পর্যটকদের সাহায্য করছে। যত দ্রুত সম্ভব পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ভোলা আরও বলেছেন, 'যাঁরা এখন লাচেন আসবেন বলে ঠিক করেছেন, তাঁদের আমি বলতে চাই, নতুন করে রাস্তা তৈরি হতে দুই থেকে তিন মাস লাগবে। তাই আসার আগে ভেবে-চিন্তে আসবেন।'
পর্যটকদের জন্য হেল্পলাইন
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, উদ্ধারকার্য চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নাম্বার ৯৯০৭৯৫৬৭০৫ ও ০৩৫৯২২৮১০০৭-এ ফোন করতে পারেন পর্যটকরা। সব পর্যটককেই দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন। ততক্ষণ আটকে পড়া পর্যটকদের সাহায্য করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


