Uttarkashi: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ট্রেকিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক এমবিএ ছাত্রী। নিখোঁজ তরুণীর নাম ববিতা পাণ্ডে। তিনি নৈনিতালের রামনগরের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
Uttarkashi: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ট্রেকিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক এমবিএ ছাত্রী। নিখোঁজ তরুণীর নাম ববিতা পাণ্ডে। তিনি নৈনিতালের রামনগরের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে পরিবার থেকে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ববিতা তাঁর দুই বন্ধুর সঙ্গে উত্তরকাশীর জনপ্রিয় ট্রেকিং গন্তব্য দয়ারা বুগিয়ালে গিয়েছিলেন। ট্রেক চলাকালীন রাতে তাঁরা একটি তাঁবুতে ছিলেন। অভিযোগ, গভীর রাতে কোনও এক সময় ববিতা তাঁবু থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু তারপর আর ফিরে আসেননি। প্রথমে তাঁর দুই বন্ধু আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

শুরু ব্যাপক তল্লাশি অভিযান
দীর্ঘ সময় কেটে গেলেও ববিতার কোনও সন্ধান না মেলায় স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। নিখোঁজের খবর পেয়ে পুলিশ, বনদফতর এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছয়। দয়ারা বুগিয়াল ও সংলগ্ন জঙ্গল, পাহাড়ি পথ এবং বিভিন্ন ট্রেকিং রুটে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত ববিতার কোনও খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলতে পারেন ওই তরুণী। তবে অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ দয়ারা বুগিয়াল এলাকা ঘন জঙ্গল এবং বন্যপ্রাণীর উপস্থিতির জন্য পরিচিত। ফলে বন্যপ্রাণীর হামলার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উদ্ধারকারীদের মতে, প্রায় ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই এলাকায় রাতের তাপমাত্রা অত্যন্ত কমে যায়। ফলে দীর্ঘ সময় বাইরে থাকলে হাইপোথার্মিয়ার ঝুঁকিও থাকে। এই কারণেই দ্রুত ববিতাকে খুঁজে বের করার উপর জোর দিচ্ছে প্রশাসন।

প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ট্রেকার সেখানে যান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দয়ারা বুগিয়াল উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ট্রেকার সেখানে যান। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে ট্রেকিংয়ের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এদিকে ববিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন। উদ্ধারকারী দল দিনরাত এক করে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ সূত্র মেলেনি। ফলে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। ববিতাকে নিরাপদে খুঁজে পাওয়ার আশায় এখন প্রহর গুনছেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং উদ্ধারকারী দলের সদস্যরা।


