Youth Congress: এআই সামিট নগ্ন বিক্ষোভ মামলায় গ্রেপ্তার হওয়া যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। চারদিনের পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার মাঝরাতে এক ডিউটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে শুনানির পর তাঁর জামিন মঞ্জুর হয়।
অবশেষে জামিন পেলেন ভারতের যুব কংগ্রেসের (IYC) সভাপতি উদয় ভানু চিব। মঙ্গলবার মাঝরাতে পাতিয়ালা হাউস কোর্টের এক ডিউটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে শুনানির পর তাঁর জামিন মঞ্জুর হয়। এআই সামিট বিক্ষোভ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
মধ্যরাতে জামিন
চারদিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ চিবকে বিচারকের সামনে হাজির করা হয়। ডিউটি ম্যাজিস্ট্রেট বংশিকা মেহতা ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে চিবের জামিন মঞ্জুর করেন এবং কিছু শর্ত আরোপ করেন। শুনানিতে পুলিশ চিবের হেফাজতের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
উদয় ভানুর আইনজীবীর সওয়াল
উদয় ভানু চিবের পক্ষে সওয়াল করেন আইনজীবী মহম্মদ সুলেমান, রূপেশ সিং ভাদোরিয়া এবং চিতওয়ান গোদারা।
আইনজীবী মহম্মদ সুলেমান সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। তারা সাতদিন হেফাজত চেয়েছিল। আরও দুজন অভিযুক্তের জন্য যথাক্রমে পাঁচ ও দু'দিনের হেফাজত চায়। আমরা চিবের জামিনের জন্য আবেদন করি।"
তিনি আরও বলেন, "দু'পক্ষের সওয়াল শোনার পর ডিউটি ম্যাজিস্ট্রেট উদয় ভানু চিবকে জামিন দেন। জামিনের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে, পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য কোনও স্পষ্ট কারণ দেখাতে পারেনি। কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন তাঁকে পাসপোর্ট এবং ইলেকট্রনিক গ্যাজেট আদালতে জমা দিতে হবে এবং ৫০,০০০ টাকার একজন জামিনদার দিতে হবে।"
মধ্যরাতে শুনানি
আরেক আইনজীবী রূপেশ সিং ভাদোরিয়া বলেন, "এটা উদয় ভানু চিবের নতুন গ্রেপ্তারি ছিল না। তিনি ইতিমধ্যেই চারদিন পুলিশি হেফাজতে ছিলেন। আমরা মাঝরাতে খবর পাই যে তাঁকে ভোর ৬টা নাগাদ ডিউটি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।"
তিনি মাঝরাতের নাটকীয় পরিস্থিতি তুলে ধরে বলেন, "ভাগ্য ভালো যে অন্তত ওঁর ব্যাপারে একটা মেসেজ পেয়েছিলাম, কারণ বাকিদের ব্যাপারে সেটাও পাইনি। তারপর সাড়ে ১২টায় ফোন করে বলা হয়, রাত ১টায় পেশ করা হবে। আমরা আতঙ্কিত অবস্থায় ছুটে আসি। রাত দেড়টা নাগাদ শুনানি শুরু হয়।"
আগের শুনানি
এর আগে ২৪ ফেব্রুয়ারি, চিবকে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানোর সময় পাতিয়ালা হাউস কোর্ট দিল্লি পুলিশের কেস ডায়েরি দেখে মন্তব্য করেছিল যে, চিব নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অভিযোগ, তিনি পর্দার আড়াল থেকে এই বিক্ষোভ পরিচালনা করছিলেন এবং অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (JMFC) রবি তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, প্রাথমিক দৃষ্টিতে গ্রেপ্তারি মেমো দেখে মনে হচ্ছে, দিল্লি পুলিশ চিবকে 'সিনের বাইরে থেকে অপারেট' করার ভূমিকায় দেখিয়েছে।
আদালত রিমান্ড অর্ডারে জানিয়েছিল, শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে বললেই দীর্ঘদিন হেফাজতকে যুক্তিযুক্ত করা যায় না। আদালত আরও বলে, ৭ দিনের হেফাজত অনেক দীর্ঘ। ৪ দিনের হেফাজতই যথেষ্ট। তদন্তকারী সংস্থাকে হেফাজতের প্রয়োজনীয়তা যুক্তি দিয়ে বোঝাতে হবে। প্রসঙ্গত, দিল্লি পুলিশ ২৪ ফেব্রুয়ারি সকালে উদয় ভানু চিবকে গ্রেপ্তার করেছিল।


