লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রাডি আর্ট সেন্টার যেন হয়ে উঠেছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। বইমেলার দ্বিতীয় দিনের বিকেল গড়াতেই সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সাংবাদিক, লেখক ও গবেষক ড. আজিজুল আম্বিয়া রচিত নতুন গ্রন্থ ‘সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’।
লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রাডি আর্ট সেন্টার যেন হয়ে উঠেছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। বইমেলার দ্বিতীয় দিনের বিকেল গড়াতেই সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সাংবাদিক, লেখক ও গবেষক ড. আজিজুল আম্বিয়া রচিত নতুন গ্রন্থ ‘সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আলমগীর শাহরিয়ার। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে ড. আজিজুল আম্বিয়ার গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এই গ্রন্থকে সমকালীন পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন করে তুলেছে। তাঁদের মতে, বইটি শুধু চলমান বাস্তবতাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগই দেবে না, বরং পাঠকদের চিন্তার নতুন দুয়ারও উন্মোচন করবে।
প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে বইমেলায় উপস্থিত সাহিত্যপ্রেমী, লেখক, সাংবাদিক ও দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনেকেই লেখককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গ্রন্থটির সফলতা কামনা করেন। প্রবাসী বাংলা সাহিত্যাঙ্গনেও বইটি নিয়ে ইতোমধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। লন্ডন বইমেলার দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠা এই প্রকাশনা অনুষ্ঠান প্রমাণ করে, প্রবাসের মাটিতেও বাংলা ভাষা, সাহিত্য ও মননচর্চার ধারাবাহিকতা আজও সমানভাবে প্রাণবন্ত ও সমৃদ্ধ।
ইনপুট: সুমনা আদক (লন্ডন)
