
Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরুর ঢালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! প্রবল বৃষ্টির জেরে সোমবার, ২ নভেম্বর, আচমকাই নেমে এল ঠান্ডা লাভার স্রোত।
Indonesia Flash Flood: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরুর ঢালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! প্রবল বৃষ্টির জেরে সোমবার, ২ নভেম্বর, আচমকাই নেমে এল ঠান্ডা লাভার স্রোত। আগ্নেয়গিরির ঢাল বেয়ে কাদা, পাথর ও আগ্নেয় ছাই মিশ্রিত জলের প্রবল স্রোত আছড়ে পড়ে একের পর এক জনবসতি ও রাস্তায়। বিপর্যস্ত পূর্ব জাভার লুমাজাং রিজেন্সির একাধিক এলাকা।
পয়লা নভেম্বর রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির জেরেই এই বিপর্যয় বলে জানা যাচ্ছে। বেসুক কোবোকান, গ্লিডিক, কালি লানাং এবং বেসুক সাত নদী-সহ একাধিক জলপথে নেমে আসে লাহার। ভেঙে যায় নদীর বাঁধ। পুড়োরেজো ও তামানসারি এলাকার প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একাধিক সেতু ও যাতায়াতের পথও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রায় ১১০০ জন বাসিন্দা এই বিপর্যয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তামানসারি এলাকার প্রায় ১১৭টি পরিবার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও বাড়ির মধ্যে ২০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত জল-কাদার স্তর জমেছে। অন্তত তিনটি বাড়ি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও প্রায় ১০টি বাড়ি ক্ষতির আশঙ্কায় রয়েছে।
তবে এই বিপর্যয় নতুন করে বড় কোনও অগ্ন্যুৎপাতের কারণে ঘটেনি। দীর্ঘক্ষণ ভারী বৃষ্টির জেরেই আগ্নেয়গিরির ঢালে জমে থাকা ছাই, পাথর ও আগ্নেয় পদার্থ জলের সঙ্গে নেমে এসেছে। মাউন্ট সেমেরুর বিপদসংকেত এখনও তৃতীয় স্তরে (Level III–Siaga) রয়েছে। উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় নেমেছে স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রস্তুত রাখা হয়েছে ভারী যন্ত্রপাতিও। প্রশাসনের তরফে নদীর পাড় থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকার সতর্কতা জারি করা হয়েছে। বেসুক কোবোকান নদীর দক্ষিণ-পূর্ব অংশের ১৩ কিলোমিটার এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। আবহাওয়ার অবনতি হলে ফের কোল্ড লাহার নেমে আসার আশঙ্কা রয়েছে। তাই গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।