Bangladesh Incident: বাংলাদেশের নড়াইলে বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। দুই বিএনপি নেতার মৃত্যুর পর অশান্তি। হিন্দুদের নিশানার দাবি খারিজ করে পুলিশ বলছে, ভিডিও পুরনো বা এআই তৈরি।
বাংলাদেশের নড়াইল জেলায় ফের অশান্তির আগুন। শুক্রবার, ২০ নভেম্বর কালিয়া পৌরসভার অন্তর্গত বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়িঘর ও একাধিক দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় দুই বিএনপি নেতার মৃত্যুর পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সম্পত্তিও রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
সংখ্যালঘুরা আক্রান্ত বাংলাদেশে?
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হুমায়ুন কবীর জানান, বিকেল ৪টে নাগাদ আগুনের খবর পান তাঁরা। কিন্তু গ্রামে ঢোকার রাস্তায় গাছ ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। ফলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে রাত ৮টা বেজে যায়। ততক্ষণে বেশিরভাগ আগুন নিজে থেকেই নিভে এসেছে। হুমায়ুনের কথায়, অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া বর্দিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন লাগানো হয়েছে।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ কবীরুল হক মুক্তির পৈতৃক বাড়ি এবং দলের অন্য স্থানীয় নেতাদের বাড়িও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রশাসনের বক্তব্য কিছুটা আলাদা। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম জানান, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর হয়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে। প্রাক্তন সাংসদের পৈতৃক বাড়িও যে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, তা তিনি নিশ্চিত করেছেন।
BNP টার্গেট!
সপ্তাহের শুরুতে বিএনপির একটি মিছিলকে ঘিরে সংঘর্ষ বাধে। সেখানেই দুই স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়। তার জের ধরেই এই অশান্তি বলে মনে করা হচ্ছে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি
এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, গ্রামে বিশেষ করে হিন্দুদের বাড়িঘরকে নিশানা করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার সেই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তাঁর বক্তব্য, বেন্দার চরে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর বা লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানানো। তাঁর দাবি, ওই গ্রামে কোনও হিন্দু পরিবারই বাস করে না। অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও পুরনো, অথবা এআই দিয়ে তৈরি বলেও তিনি জানিয়েছেন। পুলিশ সদর দফতরের আধিকারিকদের বক্তব্য, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।














