জম্মু ও কাশ্মীরে ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব পেশ করলেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। ২৬ অক্টোবর ‘জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্তি দিবস’ উপলক্ষে ব্রিটিশ হাউস অব কমন্সে এই বিশেষ প্রস্তাব বা ‘আর্লি ডে মোশন’ (EDM) পেশ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরে ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব পেশ করলেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। ২৬ অক্টোবর ‘জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্তি দিবস’ উপলক্ষে ব্রিটিশ হাউস অব কমন্সে এই বিশেষ প্রস্তাব বা ‘আর্লি ডে মোশন’ (EDM) পেশ করা হয়েছে। প্রস্তাবে ভারত ও ব্রিটেনের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে। বব ব্ল্যাকম্যানের উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে, ১৯৪৭ সালের ২৬ অক্টোবর জম্মু ও কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিং ‘ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন’ বা অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে ব্রিটেনে বসবাসকারী কাশ্মীরি বংশোদ্ভূত মানুষ প্রতিবছর এই দিনটি পালন করেন। প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের ওপর ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি ভারত ও ব্রিটেনের মধ্যে গঠনমূলক ও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথাও উল্লেখ করা হয়েছে।
সন্ত্রাসবাদ ও কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রস্তাবে। ‘পাকিস্তান-অধিকৃত’ বলে উল্লেখ করা অঞ্চল-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতিও সহমর্মিতা জানানো হয়েছে। এছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ওপর লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁদের নিরাপত্তা এবং সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের আশঙ্কা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে।
২০১৯ সালে কী পরিবর্তন হয়েছিল?
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদের অধিকাংশ বিধান কার্যকর থাকা বন্ধ হয়। একই বছর জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বিলোপ করে তাকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। অন্যদিকে, লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়।
আরও কোন কোন সাংসদ স্বাক্ষর করেছেন?
বব ব্ল্যাকম্যানের এই প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের আরও তিনজন ব্রিটিশ সাংসদ স্বাক্ষর করেছেন। তাঁরা হলেন ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন, লেবার পার্টির গিল ফার্নিস এবং লিবারেল ডেমোক্র্যাট দলের লুক টেলর। প্রস্তাবে ব্রিটেনের সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক জীবনে ব্রিটিশ-কাশ্মীরি সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক সচেতনতা, সাংস্কৃতিক বিনিময় এবং নাগরিক অংশগ্রহণ বাড়াতে শান্তিপূর্ণ স্মরণানুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ভবিষ্যতের আলোচনায় গঠনমূলক সংলাপ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আন্তর্জাতিক রীতিনীতি ও সার্বভৌম সীমানার প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।







