ইসরায়েলের ২৬তম নেসেটের স্পিকার হিসেবে প্রাক্তন মন্ত্রী মাতান কাহানাকে মনোনীত করেছে গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। বিদেশ ও প্রতিরক্ষা কমিটির মাথায় বসছেন আভিগডর লিবারম্যান। ৬৭ জন সাংসদের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে আইজেনকোট শিবির।
সরকার গড়ার প্রক্রিয়া চলাকালীন ইজরায়েলর ২৬তম নেসেটের (পার্লামেন্ট) গুরুত্বপূর্ণ পদগুলির জন্য রাজনৈতিক শরিকদের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমতে পৌঁছেছে বলে মঙ্গলবার জানালেন ইয়াশার দলের চেয়ারম্যান গাডি আইজেনকোট। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রাক্তন মন্ত্রী মাতান কাহানাকে স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান বিদেশ বিষয়ক ও প্রতিরক্ষা কমিটির প্রধান হতে চলেছেন।
ইজরায়েল সরকার গঠনের প্রক্রিয়া শুরু
এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে আইজেনকোট লেখেন, "আমি আমার সরকার, পরিবর্তন ও সংস্কারকামী দলের নেতাদের সঙ্গে—নাফতালি বেনেট, ইয়ার গোলান, আভিগডর লিবারম্যান এবং ইয়ার ল্যাপিডের সঙ্গে—২৬তম নেসেটের গুরুত্বপূর্ণ পদগুলির সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি। সরকার গড়ার সময়কালেই এই পদগুলি চূড়ান্ত হবে।" "নেসেটের স্পিকার হবেন প্রাক্তন মন্ত্রী এবং নতুন এমকে (Member of Knesset) মাতান কাহানা," সংসদীয় পদগুলির জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে তিনি জানান। আইজেনকোট আরও বলেন যে, নতুন এমকে রয় ফোকম্যানকে হাউস/অ্যারেঞ্জমেন্ট কমিটির চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। আর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং এমকে আভিগডর লিবারম্যান বিদেশ বিষয়ক ও প্রতিরক্ষা কমিটির সভাপতিত্ব করবেন। "এছাড়াও, বিশেষ কমিটি গঠনের বিষয়ে আমরা সম্মত হয়েছি। পরবর্তীতে আলাদা করে এর বিস্তারিত প্রকাশ করা হবে," আইজেনকোট বলেন। তিনি আরও জানান যে, আগামী বুধবার নেসেটের প্লেনামের অনুমোদনের জন্য পেশ করার আগে, এই সপ্তাহে হাউস কমিটির আলোচনার সময় কমিটিগুলির গঠন নিয়ে আলোচনা হবে এবং তা চূড়ান্ত করা হবে।
স্পিকার পদ নিয়ে দরকষাকষি বিরোধীদের
দ্য টাইমস অব ইসরায়েল-এর খবর অনুযায়ী, স্পিকার পদটি কোন রাজনৈতিক দলের হাতে থাকবে তা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে দর কষাকষির পরই এই ঘোষণা করা হয়। মঙ্গলবার ২৬তম নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, নতুন এমকে লিরান অ্যাভিসার বেন-হোরিনকে অর্থ কমিটির প্রধান করার বিষয়েও নেতানিয়াহু-বিরোধী জোটের নেতারা সম্মত হয়েছেন। বেনেটের বি'য়াচাদ (B'Yachad) জোটের সদস্য হিসেবে তিনি প্রথমবার নেসেটে প্রবেশ করছেন। অর্থ কমিটির প্রথম মহিলা প্রধান হিসেবে তিনি ইতিহাস গড়তে চলেছেন।
স্পিকার পদ নিয়ে বেশ কয়েকদিনের দর কষাকষির পর এই চুক্তি হয়। বেনেট এবং লিবারম্যান প্রাথমিকভাবে এই পদের জন্য ইয়ার ল্যাপিডকে সমর্থন করেছিলেন। কিন্তু আইজেনকোট জোর দিয়েছিলেন যে এই পদটি তাঁর নিজের দলের কাছেই থাকুক। দ্য টাইমস অব ইসরায়েল-এর খবর অনুযায়ী, সোমবার আইজেনকোট এবং লিবারম্যান এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন।
যত দ্রুত সম্ভব বর্তমান নেসেট স্পিকার আমির ওহানাকে পরিবর্তন করতে চাইছে এই পরিবর্তনকামী জোট। আমির ওহানা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ দলের সদস্য।
৬৭ আইন প্রণেতার সমর্থন সরকারের দিকে
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছেন আইজেনকোট। তাঁর রাজনৈতিক শরিকদের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাঁরা ইতিমধ্যেই ওহানাকে সরানোর অনুরোধ জমা দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
ইজরায়েল নির্বাচন
গত ২৭ অক্টোবর ইসরায়েলের ১২০ সদস্যের আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরেই এই সংসদীয় প্রস্তুতি শুরু হয়েছে। কোনো বড় জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন না পাওয়ায় ত্রিশঙ্কু পার্লামেন্ট তৈরি হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট পায় ৫৩টি আসন এবং বিরোধী নেতা গাডি আইজেনকোটের ইয়াশার জোট পায় ৪৮টি আসন। নেতানিয়াহুর জোট সংখ্যাগত দিক থেকে বেশি আসন পেলেও, আইজেনকোট সফলভাবে ৬৭টি সংসদীয় আসনের প্রতিনিধিদের সমর্থন জোগাড় করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিল ৪৬ জন। আইজেনকোটের এই সংখ্যাগরিষ্ঠতার পিছনে আরব দলগুলির, বিশেষ করে জয়েন্ট লিস্ট এবং রা'আম-এর গুরুত্বপূর্ণ সমর্থন ছিল। তাদের সম্মিলিত ১৯টি আসনের দৌলতে আইজেনকোট গত রবিবার, ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট পান।
প্রেসিডেন্ট হারজোগের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর, গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোট সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। পার্লামেন্টে আস্থা প্রমাণের জন্য তাঁরা জোরকদমে কাজ শুরু করেছেন। ইসরায়েলের পরবর্তী প্রশাসন গঠনের জন্য আইজেনকোটকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। নেসেটের আস্থা অর্জন করার জন্য প্রয়োজনীয় ভোট জোগাড় করতে তাঁর হাতে সময় খুবই কম।














